কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় শ্বশুর-শাশুড়ির ওপর অমানবিক নির্যাতন এবং স্ত্রীসহ পরিবারের সদস্যদের জিম্মি করে হত্যার হুমকির গুরুতর অভিযোগ উঠেছে মনির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মাহাবুব (৩৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকার বাসিন্দা মাহাবুবের স্ত্রী লিজা আক্তারের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্ত মনির হোসেন (৩০) বিদেশে অবস্থানকালে তার স্ত্রী হাবিবা আক্তার শ্বশুর-শাশুড়ির ভরণপোষণ না দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে। পরে মাহাবুব ও তার স্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দায়িত্ব নিয়ে তাদের লালন-পালন করে আসছিলেন।
পরবর্তীতে লিজা আক্তারের পিতা সুলতান আহাম্মদ কৃতজ্ঞতাবশত তার সম্পত্তি মেয়ের নামে দানপত্র করে দেন। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সম্প্রতি দেশে ফিরে মনির হোসেন তার বাবা-মায়ের ওপর পুনরায় নির্যাতন শুরু করেন।
গত ২৫ মার্চ ২০২৬, সকাল সাড়ে ১০টার দিকে বি-বাড়িয়া এলাকায় সুলতান আহাম্মাদের বসতবাড়িতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় লিজা আক্তার তার বাবা-মাকে দেখতে গেলে মনির হোসেন ও তার স্ত্রী হাবিবা আক্তার তাকে, তার বাবা ও মাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের ঘরের ভেতরে আটকে রেখে ধারালো দা হাতে দরজার সামনে অবস্থান নেয়। খবর পেয়ে মাহাবুব ঘটনাস্থলে পৌঁছালে তাকেও আক্রমণের চেষ্টা করা হয়। এসময় সম্পত্তি তাদের নামে লিখে না দিলে ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, অভিযুক্ত মনির হোসেনের বাবা বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে তাকে মারধর করে আসছে এবং তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে মিথ্যা অভিযোগ সাজিয়ে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। এমনকি তাকে হত্যারও চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, এসবের পেছনে মূল উদ্দেশ্য হলো মেয়ের থাকা জমি দখল করা।
এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রায়ই ওই বাড়িতে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। আমরা কয়েকবার চিৎকার-চেঁচামেচি শুনেছি। বিষয়টি খুবই উদ্বেগজনক।
আরেকজন স্থানীয় বলেন, “বৃদ্ধ মা-বাবার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, যেন আর কোনো বাবাকে এভাবে বৃদ্ধ বয়সে হেনস্তা ও অসহায় হতে না হয়। এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন মুঠোফোনে ঘটনার কিছুটা সত্যতা স্বীকার করেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা যেকোনো সময় আবার হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লায় বৃদ্ধ বাবাকে ‘পাগল’ সাজিয়ে বোনের সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
অনলাইন
২ মাস আগে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ৪ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
