থাইল্যান্ডের মাটিতে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব অভিযান শুরু করলো বাংলাদেশ। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে গতকাল চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারান আশরাফুল-রাব্বিরা। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দুপুর ১২টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচেও জয় চায় লাল-সবুজ প্রতিনিধিরা। চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের পর কোচ আশিকুজ্জামান মানবজমিনকে বলেন, ‘প্রথম ম্যাচে জয় সবসময়ই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আশা করি ম্যাচ বাই ম্যাচ আমাদের খেলোয়াড়রা আরও ভালো পারফরম্যান্স দেখাবে। শ্রীলঙ্কা ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চাই।’
ম্যাচ জিতলেও শেষদিকে গা ছাড়া মনোভাবের কারণে দুই গোল হজম করে বাংলাদেশ। সেই ভুল শুধরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। হেড কোচ বলেন, ‘চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আমাদের খেলোয়াড়রা তাদের পজিশন (টিম স্ট্রাকচার) ধরে রাখতে পারেনি এবং ঠিকমতো ম্যান মার্কিংও করেনি। এই কারণেই আমরা গোল খেয়েছি। স্কোর তখন ৪-১ থাকায় খেলোয়াড়রা কিছুটা গা ছেড়ে দিয়েছিল। পরের ম্যাচে আমাদের এই ভুলগুলো শুধরে নিতে হবে।’ বাছাইপর্বে কন্ডিশনও বড় বাধা বাংলাদেশের। আশিকুজ্জামান বলেন, ‘সব দল এখানে ৪/৫ দিন আগে এলেও আমরা এসেছি মাত্র এক দিন আগে। থাইল্যান্ডের প্রচণ্ড গরম আর এই নতুন টার্ফে মানিয়ে নিয়ে খেলা সহজ নয়। তবে আমাদের খেলোয়াড়রা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেয়ার চেষ্টা করছে, যা দলের জন্য খুব ইতিবাচক।’
হকির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার চেয়ে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি শেষ ১০ লড়াইয়ের সবকটিতে জিতেছে লাল-সবুজ প্রতিনিধিরা। তাই ফেবারিট হিসেবেই দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। তবে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বাছাইপর্ব মিশন শুরু করেছে শ্রীলঙ্কা।
বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে কাগজে কলমে পিছিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে প্রথমে গোল হজম করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে ফিল্ড গোল করে চাইনিজ তাইপেকে এগিয়ে নেন লি চি শুয়ান। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়াতে পারেনি তারা। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড আশরাফুল ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় চাইনিজ তাইপের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ। ২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারেও দাপট ধরে রাখে আশিকুজ্জামানের শিষ্যরা। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন আমিরুল ইসলাম। ৫৯ মিনিটে হওয়া বাংলাদেশের চতুর্থ গোলটিও আসে পেনাল্টি কর্নার থেকে। এবার গোল করেন দ্বীন ইসলাম। গোলের আনন্দ উদযাপনের পর ১৫ সেকেন্ডের মাথায় ২ গোল হজম করে বাংলাদেশ। চাইনিজ তাইপের হয়ে গোল দুটি করেন লি চি শুয়ান ও শিয়ে সুং ইউ। ম্যাচসেরা হন ডিফেন্ডার আমিরুল ইসলাম। এ নিয়ে চাইনিজ তাইপের বিপক্ষে টানা চার ম্যাচে জিতলো বাংলাদেশ। গত বছর ভারতের রাজগীরে অনুষ্ঠিত এশিয়া কাপে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা।
বাছাইপর্বের ৯ দল থেকে সেরা ৬ দল পাবে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার টিকিট। স্বাগতিক জাপান ও ২০২২ এশিয়ান গেমসের সেরা পাঁচ দলসহ মোট ১২ দল নিয়ে হবে এবারের এশিয়ান গেমসের মূলপর্ব। এ বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দলের সর্বোচ্চ সাফল্য ষষ্ঠস্থান অর্জন।
এশিয়ান গেমস হকি বাছাইপর্ব
চাইনিজ তাইপেকে হারিয়ে রাব্বিদের শুভ সূচনা, আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা
স্পোর্টস রিপোর্টার
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
