জনপ্রিয় অভিনয়শিল্পী, গুণী চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াতের ভক্তদের জন্য আনন্দের সংবাদ, প্রায় সাত বছর পর দর্শকদের মুখোমুখি হচ্ছেন তিনি। এ সময়ের জনপ্রিয় পডকাস্টের মধ্যে অন্যতম ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র বিশেষ পর্বে বিশেষ অতিথি হয়েছেন বিপাশা হায়াত। আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই বিশেষ পডকাস্ট। উল্লেখ্য, এটিই বিপাশা হায়াতের অংশগ্রহণে প্রথম পডকাস্ট। ২০১৯ সাল থেকে আমেরিকাতেই প্রবাস জীবন যাপন করছেন তিনি। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কিছু অর্জন নিজের ঝুলিতে যুক্ত করেছেন তিনি। অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা হায়াত পডকাস্টে জানান, অভিনয় থেকে তিনি অবসর নেননি। শিল্পীদের কোনো অবসর হয় না। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরানোর সুযোগ পাবেন। অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন। একটা সময় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সহ মূলধারার অসংখ্য বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমার প্রস্তাব এসেছিল তার কাছে। তবে ভিনদেশি সিনেমার সেই ‘পার্শ্ব’ চরিত্রটি তাকে আকর্ষণ করেনি। সুযোগ পেলে আমাদের দেশের পথশিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। বিপাশা হায়াত বলেন, যখনই সরকারের বা প্রশাসনের কারও সঙ্গে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথশিশুদের পাশে দাঁড়ানোর জন্য। পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও শেয়ার করেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
সাত বছর পর টিভি পর্দায় বিপাশা হায়াত
স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
