২০১৪তে শেষবার বিশ্বকাপে খেলার সুযোগ পায় ইতালি। সে বছরই প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে বসনিয়া ও হার্জেগোভিনা। কাকতালীয়ভাবে, সেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের টাইব্রেকারে হারিয়ে এবার দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে বসনিয়া। ঐতিহাসিক জয়ের আনন্দে আত্মহারা হয়ে নিজের কথা রাখছেন বসনিয়ান ফরোয়ার্ড এরমেদিন দেমিরভিচ। নিজের ক্লাবের গ্যালারিতে থাকা সব দর্শককে বিনামূল্যে বিয়ার বা পানীয় খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
২৮ বছর বয়সী দেমিরোভিচ খেলেন জার্মান বুন্ডেসলিগার ক্লাব ভিএফবি স্টুটগার্টে। বিশ্বকাপের প্লে-অফ লড়াইয়ের আগে তিনি প্রতিশ্রুতি দেন, বসনিয়া মূল পর্বে উঠতে পারলে স্টুটগার্টের পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের সকল পানীয়র খরচ তিনি নিজে বহন করবেন। টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করে বসনিয়া। এরপর দেমিরোভিচ সাফ জানিয়ে দিলেন, তিনি কথা রাখছেন।
আগামী শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠ এমএইচপি অ্যারেনায় নামবে স্টুটগার্ড। সেখানে এক পাইন্ট বিয়ারের দাম প্রায় ৫ ইউরো। ফলে ৬০ হাজার দর্শকের পানীয় খরচ চুকাতে দেমিরোভিচকে গুনতে হবে প্রায় ৩ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২৮ লাখ টাকা!
তবে বিশাল অঙ্কের খরচ নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না এ বসনিয়ান তারকা। বৃটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে দেমিরোভিচ বলেন, ‘আমি এক কথার মানুষ। যা বলেছি তা অবশ্যই পালন করব। যদিও বিষয়টি বেশ ব্যয়বহুল হবে। তবে দেশের এমন অর্জনের পর ভালোবাসা থেকেই এটি করব। স্টুটগার্ট, ড্রিঙ্কস আর অন মি!’ বিশ্বকাপে জায়গা করতে পারার উচ্ছ্বসে তিনি আরও বলেন, ‘আমরা সত্যিই খুব ভালো খেলেছি এবং বিশ্বকাপে জায়গা করে নেয়া আমাদের শতভাগ প্রাপ্য। দেশের জন্য আমরা যা অর্জন করেছি, যেন এখনও ঠিকমতো বুঝে উঠতে পারছি না...।’
আসন্ন বিশ্বকাপের ‘বি’ গ্রুপে থাকা বসনিয়ার প্রতিপক্ষ স্বাগতিক কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। আগামী ১২ই জুন কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বসনিয়া।
