রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ই জানুয়ারি পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১,৪২,৯৮৩টি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর-বিক্রম এ অধিবেশনে সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতোগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতোটি মামলা দায়ের করা হয়েছিল, সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নাই। তবে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মোতাবেক ২০০৭ সাল থেকে ১১/০১/২০২৫ পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১,৪২,৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৫ই মার্চ রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে, জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করে। মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, জনস্বার্থে মামলা চালানোর প্রয়োজনীয়তা নেই এবং মামলা চালালে রাষ্ট্রের ক্ষতি হবে মর্মে পরিলক্ষিত হলে উক্ত কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট সুপারিশ করবে।
মন্ত্রী বলেন, জেলা কমিটির নিকট হতে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করার জন্য ৮ই মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত ৬ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় কমিটি’ মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে।
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার
সংসদ রিপোর্টার
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
