ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, দেশ মাওবাদী মুক্ত

ফন্ট সাইজ:

কয়েক দশক ধরে চলা মাওবাদী বিদ্রোহকে পরাজিত করার সময়সীমা পূরণ করে ভারত সোমবার দেশকে মাওবাদী বিদ্রোহমুক্ত ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছেন, ভারতে নকশাল নামে পরিচিত এই বিদ্রোহীদের থেকে দেশকে ‘মুক্ত’ করা হয়েছে। শাহ বলেন, আমরা নকশালমুক্ত হয়েছি এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলে দেশবাসীকে তা জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদী-মুক্ত হবে বলে আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হয়েছে। তার ঠিক একদিন আগে লোকসভায় এই সংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ভারত মাওবাদ-মুক্ত হয়ে গেছে। মাওবাদীদের শেষ ঘাঁটি ছত্তীসগঢ়ের বস্তারের উদাহরণ টেনে শাহ জানান, লাল সন্ত্রাস সরে গিয়েছে। এখন বস্তার উন্নয়নের পথে হাঁটছে।

অমিত শাহর মতে, বস্তারের উপর ‘লাল সন্ত্রাস’ থাকায় এলাকায় উন্নয়ন হয়নি। সেখানকার মানুষ পিছিয়ে পড়েছিলেন। ‘লাল সন্ত্রাসের’ কারণে সেখানে উন্নয়ন পৌঁছোতে পারেনি। এখন সেই ছায়া কেটে গেছে। তবে তিনি বলেছেন, ‘যারা অস্ত্র সমর্পণ করতে রাজি, তাদের সঙ্গে আলোচনা করা হবে’Ñ এই নীতিতে বিশ্বাসী মোদি সরকার। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সহিংসতার কোনও জায়গা নেই। যারা অস্ত্র তুলে নেবেন, তাদের কাউকে রেয়াত করা হবে না।
ভারতকে মাওবাদমুক্ত করার পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২০২৪ সালের ২৪ আগস্ট মাওবাদী নির্মূল করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। তার পরে গত দু’বছর ধরে কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে একে একে দেশের প্রায় ১২ রাজ্যে অভিযান চলে।

শাহ জানান, এই অভিযানের ফলে গত দু’বছরে ৪৮৩৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। গ্রেফতার করা হয়েছে ২২১৮ জনকে। আর অভিযানে নিহত হয়েছে ৭০৫ জন মাওবাদী। বিরোধীদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যারা বলছেন, সশস্ত্র অভিযান না-করে আলোচনার মাধ্যমে মাওবাদীদের বোঝানো যেত, তাদের জন্য এই পরিসংখ্যান দিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রান্তে থাকা শীর্ষ মাওবাদী নেতাদের মধ্যে সকলেই হয় আত্মসমর্পণ করেছেন, নয়তো নিহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন