মানিকগঞ্জের ঘিওরে গাঁজা খাওয়ার প্রলোভনে ডেকে নিয়ে অটোরিকশাচালককে হত্যা করার ঘটনা ঘটেছে। ঘাতক হত্যার পর পরিকল্পিতভাবে নিহতের মাথা-শরীর বিচ্ছিন্ন করে কালীগঙ্গা নদীতে নিক্ষেপ করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে জানা যায়, গত ২৪ই মার্চ রাতে ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের অটোরিকশাচালক রফিককে গাঁজা সেবনের কথা বলে ডেকে নেয় তার পরিচিত তিনজন- নির্মাণ শ্রমিক রিপন, সজীব ও আরমান। অন্য একটি অটোরিকশায় করে তারা তাকে নিয়ে যায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে, যেখানে আগে থেকেই সাজানো ছিল মৃত্যুর ফাঁদ। সেখানে পৌঁছানোর পর আচমকাই পাল্টে যায় দৃশ্যপট। পিবিআই বলছে, প্রথম আঘাতটি আসে আরমানের হাত থেকে হাতুড়ির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন রফিক। এরপর আর পিছু ফিরে তাকায়নি কেউ। রিপন দা দিয়ে রফিকের গলা কেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে। এসময় আরমান ও সজীব যথাক্রমে হাত ও পা চেপে ধরে রাখে, যেন হত্যার কাজ নির্বিঘ্নে শেষ করা যায়। হত্যার পরও থামেনি তাদের নিষ্ঠুরতা। প্রমাণ গোপনের চেষ্টায় মাথা ও শরীর নদীতে ফেলে দেয়া হয়। কিন্তু শরীর ভেসে ওঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। এরপর পেট কেটে নদীতীরে ফেলে রেখে যায়, যাতে লাশ দ্রুত ডুবে যায়-একটি অপরাধ ঢাকতে আরেকটি বিকৃত পন্থা। ঘটনার পর ভোররাতে রফিকের অটোরিকশা নিয়ে রিপন সাভারের দিকে পালিয়ে যায়। গত ২৫শে মার্চ বিকালে কালীগঙ্গা নদী থেকে গলাকাটা লাশ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই ঘটনা অনুসন্ধানে মাঠে নামে পিবিআই। মাত্র ২৪ ঘণ্টার অভিযানে প্রযুক্তির সহায়তায় ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে ঘাতক সদস্য রিপন, আরমান ও সবুজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয় বলে জানিয়েছে পিবিআই। শনিবার সকালে পিবিআইয়ের অফিসে এই লোমহর্ষক ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটন নিয়ে প্রেস ব্রিফিংয়ে মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা। বন্ধুত্বের সুযোগ নিয়ে ভুক্তভোগীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে খোঁজখবর নিয়ে জানা গেছে, হত্যাকারী রিপন এর আগে তার নিজের এলাকার তরা গ্রামে এক কলেজছাত্রী ও তার মাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে ঘিওর থানায় মামলা হলে কয়েক মাস জেলে ছিল।
বন্ধু যখন কিলার
গাঁজা খাওয়ার প্রলোভনে হত্যা, পরে মাথা শরীর আলাদা করে নদীতে নিক্ষেপ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
