শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকার মধ্যদিয়ে প্রবাহিত ললীছড়া উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই ছড়ায় সরকারি জমি দখল করে ঘর বানানোর কারণে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার লোকজনও। গণস্বাক্ষর দেয়া আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন ললী খাল প্রাচীন একটি সরকারি ছড়া। এলাকার বাসিন্দাদের পরিত্যক্ত পানি প্রবাহের একমাত্র ভরসা এই খাল। গত কয়েক মাস ধরে খিদিরপুর ললীছড়ার ওপর বেশ কিছু লোক অবৈধভাবে জমি দখল করে ছড়ার গতিপথ পরিবর্তন করে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এ কারণে উৎকট দুর্গন্ধে এলাকার লোকজনের নাভিশ্বাস উঠেছে। আবেদনে উল্লেখ করা হয় অবৈধভাবে সরকারি ছড়ার ওপর স্থাপনা নির্মাণের ফলে ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘরের পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে ছড়ার পানির চলাচলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং পানির চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সরকারি ছড়ার পানির গতিপথ পরিবর্তন করার কারণে বিপরীত দিকে পানি প্রবাহিত হয়ে এলাকার বাসিন্দাদের বাসাবাড়িতে প্রবেশ করছে। আবেদনে উল্লেখ করা হয়, সরকারি ছড়ার ওপর নির্মাণকারীদের কোনো প্রকার বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও তারা সরকারি ছড়ার ওপর স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন। এ কারণে ছড়ার পানিতে ময়লা আবর্জনা জমে দুর্গন্ধ হওয়ায় খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকাসহ আশপাশের এলাকার জীবজন্তু এবং বাসিন্দারা মারাত্মকভাবে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দুর্গন্ধের কারণে এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং কৃষিকাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
সিলেটে অবৈধ স্থাপনা অপসারণের দাবি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
