পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকায় চমক

বিজেপির হয়ে লড়ছে সাবেক এক এনএসজি কমান্ডো ও নির্যাতিতা নারী চিকিৎসকের মা

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সব রাজনৈতিক দলই প্রার্থী নির্বাচনে চমক দিয়ে নজির তৈরি করেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলবদল করা এমন ১৩ জনকে প্রার্থী করেছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার আগে দলে যোগ দিয়েছেন। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করেছে তারই ঘনিষ্ঠ সহচর পবিত্র করকে। প্রার্থী তালিকা ঘোষণার একদিন আগে তাকে দলে নেয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বড় চমক উত্তরবঙ্গে সোনাজয়ী নারী অ্যথলেট স্বপ্না বর্ণনাকে প্রার্থী করা।
তৃণমূল কংগ্রেস ৭৪ জন গতবারের জয়ী বিধায়ককে বাদ দিয়ে ১০৫ জন নতুন মুখকে প্রার্থী করেছে। যার মধ্যে রয়েছে তরুণদের আধিক্য।
তবে বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে চমকের পর চমক। সর্বশেষ ঘোষিত তালিকায় প্রার্থী করা হয়েছে সাবেক এনএসজি কমান্ডো (ব্ল্যাক ক্যাট হিসেবে পরিচিত) দীপাঞ্জন চক্রবর্তীকে। উত্তরপাড়া কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় কমিটির কনিষ্ঠতম সদস্য ও‌ তরুণতু্র্কি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তর ২৪ পরগণার পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আরজি কর হাসপাতালে‌ ধর্ষিতা ও খুন হওয়া নারী চিকিৎসকের মা রত্না দেবনাথকে। রত্না নিজেই বিজেপির টিকিটে লড়তে চেয়েছিলেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। সিপিএম ওই কেন্দ্রে প্রার্থী করেছে দলের যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিজেপি প্রার্থী হয়েই রত্না তৃণমূল কংগ্রেসকে হারানোর একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন।
সিপিআইএম উত্তর দমদমে প্রার্থী করেছে জেএনইউয়ের প্রাক্তনী তরুণ নেত্রী দীপ্সিতা ধরকে। এই কেন্দ্রে লড়ছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আইএসএফ শেষ মুহূর্তে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলামকে প্রার্থী করেছে। আবার হুমায়ূন কবীর তার দলের হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের সাবেক মেয়ে জামাইকে প্রার্থী করে চমক দিয়েছেন।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন