২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৮শে ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। টানা চারদিন পরীক্ষা চলবে। ৩১শে ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বৃত্তি পরীক্ষা।
রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সময়সূচি মাঠপর্যায়ে পাঠিয়েছে অধিদপ্তর। পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে জানাতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে গত ৮ই অক্টোবর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২০ থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষা আটদিন পিছিয়ে দেয়া হলো।
নতুন সূচি অনুযায়ী, প্রথম দিন ২৮শে ডিসেম্বর সোমবার বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ২৯শে ডিসেম্বর মঙ্গলবার ইংরেজি, ৩০শে ডিসেম্বর বুধবার প্রাথমিক গণিত এবং শেষ দিন ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আড়াই ঘণ্টা সময় পাবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
