এইচএসসি-সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসি-সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ফন্ট সাইজ:

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।

সোমবার বেলা ৩টায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পারছেন। বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে আলাদাভাবে ফল প্রকাশ করেছে।

এর আগে রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফলাফল দেখার পদ্ধতি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফলাফল পাওয়া যাবে। আবেদনকারীদের দেয়া মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। তারা বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেন। এসব উত্তরপত্র যাচাই শেষে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডভিত্তিক আবেদনের হিসাবে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে আবেদন পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি , রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।