মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, চাকরির স্থায়িত্ব এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ।
শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মো. সেলিম জাফর খান। ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ১৯৯৩ সালে শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের প্রাথমিক শিক্ষা, পবিত্র কোরআন শিক্ষা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রকল্পটি অষ্টম পর্যায়ে চলমান রয়েছে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানিতে দায়িত্ব পালন করেও এ কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবল চাকরির স্থায়িত্ব, আর্থিক নিরাপত্তা ও সরকারি বেতন কাঠামোর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ শিক্ষা বিস্তারের পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও জনকল্যাণমূলক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে চার দফা দাবিসংবলিত একটি আবেদনপত্র উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো— মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর; শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান; দীর্ঘদিন কর্মরত শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সংশ্লিষ্টদের চাকরির স্থায়িত্ব ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব দাবি জাতীয় সংসদে উপস্থাপন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণে কার্যকর ভূমিকা রাখা।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার তাদের দীর্ঘদিনের দাবিগুলোর গুরুত্ব বিবেচনা করে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে। এতে হাজারো শিক্ষক-কর্মচারীর কর্মজীবনের অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সিলেট বিভাগীয় সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা মো. মাসুদ মিয়া, রংপুর বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মো. আবুল বাসার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল আজিজ শরিফ, মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জী, অধ্যক্ষ মো. এনায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. রেশমা বেগম এবং ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমানসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
