‘পরম্পরা’র অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই

‘পরম্পরা’র অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই

ফন্ট সাইজ:

সদ্যই শেষ হয়েছে দীপ্ত টিভি’র মেগা ধারাবাহিক ‘পরম্পরা’। ধারাবাহিকটিতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন চলতি প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস কাজল। এ ধারাবাহিকে ‘মেঘা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। অনেকেই তাকে কাজল নয়, মেঘা নামেই ডাকেন। বিশেষ করে বিভিন্ন জায়গায় বের হলেই ‘মেঘা’ বলে ডাক পান এ অভিনেত্রী। এটাকেই এই ধারাবাহিকে নিজের অভিনয়ের অন্যতম অর্জন বলে মনে করেন কাজল। তিনি বলেন, ‘পরম্পরা’ সদ্য শেষ হয়েছে। কিন্তু এর রেশ রয়ে গেছে। বিভিন্ন জায়গায় গেলেই আমাকে দর্শক ‘মেঘা’ বলে ডাকেন। এরকম প্রতিনিয়তই হচ্ছে।

ধারাবাহিকটিতে অভিনয়ের অন্যতম আরেকটি অর্জন তিনি মনে করেন অভিনয়ের উন্নতিকে। কাজল বলেন, ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে করতে কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম। যার কারণে এ ধারাবাহিকের পর অন্য যে জায়গাতেই কাজ করতে গিয়েছি সবাই আমার উন্নতিটা লক্ষ্য করছে। বলছে, আমি অভিনয়ে আগের থেকে নাকি পরিণত। ‘পরম্পরা’ তো শেষ হলো। কাজলের গন্তব্য এখন কোথায়? এ অভিনেত্রী বলেন, পরম্পরার জার্নি শেষ হলেও আমার জার্নি কেবল শুরু। আমি এখনো নতুন, শিখছি। ‘পরম্পরা’র অভিজ্ঞতাকে সামনে কাজে লাগাতে চাই। আরও ভালো ভালো কাজে সম্পৃক্ত হতে চাই। এদিকে এরই মধ্যে নতুন একটি একক নাটকের কাজ শেষ করেছেন বলে জানালেন কাজল। অন্যদিকে একাধিক বিজ্ঞাপনের শুটিংও সেরেছেন।

এগুলো প্রচারে আসবে সামনে। কি ধরনের কাজ সামনে করার ইচ্ছা? এ অভিনেত্রী বলেন, ‘পরম্পরা’ সুন্দর একটি পারিবারিক গল্পের নাটক ছিল। আমি একটু ভেবে চিন্তে আসলে কাজ করতে চাই। গল্প, চরিত্র ও নির্মাতা- এই তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখেইে নতুন কাজে সম্পৃক্ত হচ্ছি। আরও শিখতে চাই নতুন নতুন কাজের মাধ্যমে। একজন ভালো অভিনেত্রী হওয়াটাই আমার প্রধান লক্ষ্য। সিনেমায় কাজের প্রসঙ্গে কাজল বলেন, একটি সিনেমার কাজের কথা চলছে। তবে বলা আপাতত নিষেধ। সত্যি বলতে, ভালো সুযোগ পেলে যেকোনো মাধ্যমে কাজ করতে চাই।