কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি ঘিরে অন্তত ৫ জেলায় হাঙ্গামা, ১৩ জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউনের’ প্রথম দিনে এসব ঘটনা ঘটে। আওয়ামী লীগের এই কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে যানবাহনের চাপও কম ছিল। শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার বাড়ি মোড়, পদ্মা সেতুর আন্ডার পাস এলাকার বিএনপি কার্যালয়, বাস কাউন্টার এলাকায় এ সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানবাহন ও মানুষের চলাচল কমে যায়।
সংঘর্ষে নিহতরা হলেন- নিজামউদ্দিন মৃধা (৪০) ও ইব্রাহিম সিপাহী (৩০)। নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের কর্মী হিসেবে পরিচিত। অপরদিকে ইব্রাহিম শরীয়তপুর সদরের সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে। তিনি এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এবং মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানা পাশাপাশি। ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু টোলপ্লাজা সংলগ্ন নাওডোবা এলাকার জমাদ্দার মোড় অবরোধের জন্য মাদারীপুরের শিবচরের আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে যান। তাদের হাতে লাঠিসোটা, লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি’র নেতাকর্মীরাও একই এলাকায় অবস্থান নেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে পৌঁছানোর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে দু’পক্ষই স্লোগান দেন। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০ মিনিট ধরে শুধু পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপের ঘটনা চলে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়ে ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পদ্মা সেতু এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে অগ্নিসংযোগ করা হয় ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট, পদ্মা ফুড ভ্যালি রেস্টুরেন্ট, বিএনপি কার্যালয়সহ কয়েকটি বাস কাউন্টারে। পুড়িয়ে দেয়া হয় অন্তত ৩০টি মোটরসাইকেল। ভাঙচুর ও আগুন দেয়া হয় বিএনপি’র তৈরি করা তাঁবু। ঘণ্টাব্যাপী ধরে এই সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি’র নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সড়ক থেকে সরে যান। পরে সকাল ১০টার দিকে বিএনপি’র নেতাকর্মীরা ফের সেখানে ফিরে আসেন।
নাওডোবা এলাকার স্থানীয় হোটেল ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, আমরা পদ্মা সেতু এলাকায় ব্যবসা-বাণিজ্য করি। শনিবার রাত ১২টার দিকে রেস্টুরেন্ট বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি আমাদের সাটার ভেঙে ঘরে আগুন দিয়ে দিয়েছে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘টোলপ্লাজার কিছু দূরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। কয়েকটি মোটরসাইকেলে ও দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। পরে আমরা কাঁদুনে গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছি। অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের কর্মসূচিতে মাদারীপুর জেলার নেতাকর্মীরাও অংশ নেন।
ওদিকে গতকাল ভোরে পাবনার বেড়া থানায় হামলা চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় হামলাকারী গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ওদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার ও কালীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থান জোরদার হলে অবরোধকারীরা পিছু হটে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ওদিকে বাগেরহাটের মোল্লার হাটে শনিবার রাতে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষের ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার সাভার থেকে জানান, সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের নাশকতামূলক তৎপরতায় দু’টি বাসে অগ্নিসংযোগ এবং একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। এতে দু’টি বাসের আংশিক ক্ষতি হলেও পুলিশ ছাউনিতে নিক্ষেপ করা পেট্রোল বোমায় বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। এরফলে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটিতে এর আগেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। মেরামতের জন্য এটি বেলতলা এলাকার একটি গ্যারেজের সামনে রাখা হয়েছিল।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, শ্রীপুরে উপজেলা প্রশাসনের বাসভবনের প্রবেশপথে ও মাওনা চৌরাস্তা উড়ালসেতু এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দু’টি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি বলেন, ‘এটি পলাতক ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ। তারা দেশকে অস্থিতিশীল করতে এবং দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে মোটরসাইকেলযোগে এসে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে কোনো ঘটনাতেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৪টার দিকে শিরোমনি বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা ও ফুলতলা উপজেলা শাখার জানালায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে জানালা ভেঙে বোমাটি ভেতরে পড়ে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরী ও পুলিশ দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)। রোববার তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে মহাসড়কে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর করেছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার রাতে এসব ঘটনা ঘটে। এ ঘটনার পরে দুইজন কে আটক করেছে পুলিশ।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। নড়াইল প্রেস ক্লাব ভবনের সামনে, শহরের কুড়িগ্রাম এলাকার পুলিশ ফাঁড়ি ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ গেটে একই সময়ে ককটেল হামলার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে। উদ্ধার হওয়া স্থানগুলো হলো-পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউজের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল করেছে। শনিবার রাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা এসব মিছিল করে। মিছিলকারীদের হাতে মশাল, লগি-বৈঠা ও লাঠিসোটা দেখা যায়। মিছিলকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুরের খবর পাওয়া গেছে।
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশা উপজেলায় শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ দু’টির বারান্দায় আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে মধ্যরাতে নাশকতার মহড়া চালিয়েছে দুর্বৃত্তরা। জেলা নির্বাচন কার্যালয় এবং ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে জেলা শহরের মিজান রোডে অবস্থিত জেলা নির্বাচন ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এদিকে রাত আড়াইটার দিকে শহরতলীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে রাত দেড়টার দিকে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। আগুনে ভূমি অফিসের নথিসহ প্রয়োজনীয় অনেক কাগজপত্র নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন মতিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার ভোর ৩টা ২৫ মিনিটে ব্যাংকটির চিরিরবন্দর উপজেলার নশরতপুর শাখায় এ ঘটনাটি ঘটে। গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার ভোর ৩টা ২৫ মিনিটে দুর্বৃত্তরা ব্যাংকে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত দেড়টার দিকে জেলা শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা জজের বাসভবনে এবং একই রাতে মিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের সদর শাখায় পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ব্যাংকের নাইটগার্ড ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার নবাবগঞ্জ থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু হানিফ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে। ৬ দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে ক্যান্টিনের চালে ককটেলটি বিস্ফোরিত হয়।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে জামালপুর-তারাকান্দি-যমুনা সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। রোববার ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন।
