সন্তান জন্মের আগমুহূর্তে চিকিৎসকদের পরামর্শে বদলে যেতে বসেছিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মা হওয়ার পরিকল্পনা। গর্ভের শিশুর গলায় নাড়ি পেঁচিয়ে থাকার খবর এবং অস্ত্রোপচারের পরামর্শে উদ্বিগ্ন হয়ে পড়েছিল তার পুরো পরিবার। তবে শেষ পর্যন্ত স্বাভাবিক প্রসবেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী। সামান্থা ও তার স্বামী রাজ নিদিমরুর ঘরে আসে পুত্রসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমরু। রাজের পিসি ও সংগীতশিল্পী ড. শোভা রাজু সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান জন্মের আগের উদ্বেগের কথা বলেন। তিনি বলেন, প্রসবের আগে স্ক্যান রিপোর্টে শিশুর গলায় নাড়ি পেঁচিয়ে থাকার বিষয়টি ধরা পড়ে।
যদিও চিকিৎসকরা বলেন, শিশুর নড়াচড়া স্বাভাবিক রয়েছে। এতে পরিবার কিছুটা স্বস্তি পেলেও পরে চিকিৎসকরা পরিস্থিতি বিবেচনায় সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেন। খবরটি শুনে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। সামান্থা ও অনাগত সন্তানের সুস্থতা কামনায় সবাই প্রার্থনা শুরু করেন। প্রায় ২৫ থেকে ৩০ মিনিট প্রার্থনার পর রাজ ফোন করে বলেন, অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন সামান্থা। খবরটি শুনে আনন্দে ভেসে যায় পরিবার। বর্তমানে সামান্থা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। এদিকে শিশুর মঙ্গল কামনায় রাজের বোন শীতল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির, হাজী আলী দরগা ও সেন্ট মাইকেলস চার্চে প্রার্থনা করেছেন।
