ক্লাব পুনরুজ্জীবিত করে খেলাধুলার প্রসার ঘটাতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

ফন্ট সাইজ:

সুস্থ, কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে দেশের সর্বস্তরে খেলাধুলা ও শরীরচর্চার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। গতকাল ঢাকার ক্রীড়া ভবন মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মিস্টার বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, একসময় শহর ও গ্রামাঞ্চলের প্রতিটি পাড়া-মহল্লায় এলাকাভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব ছিল। এসব ক্লাবের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন। সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে।

সুস্থ ও প্রাণবন্ত সমাজ গঠনে এলাকাভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবগুলো পুনরুজ্জীবিত করা জরুরি। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, ব্যক্তিজীবনে শৃঙ্খলা, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তাও তৈরি করে। শিক্ষার্থীদের শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে শরীরচর্চার বিকল্প নেই। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধেও নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতেও খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি শরীরগঠন প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নারী-পুরুষের জন্য সমান ও নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় পুরুষদের পাঁচটি ওজন শ্রেণিতে শরীরগঠনবিদরা অংশ নেন। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।