আরেক দফা পেছালো এসএ গেমস, হতাশ অ্যাথলেটরা

ফন্ট সাইজ:

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ) জন্য অ্যাথলেটদের অপেক্ষা আরও দীর্ঘ হলো। পাকিস্তানের মাটিতে আগামী বছরের ৩ থেকে ১১ই এপ্রিল ১৪তম এসএ গেমস আয়োজনের পরিকল্পনা থাকলেও তা আবারো পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ থেকে ২৭শে সেপ্টেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরটি। গত শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে গেমস পিছিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন (পিওএ)। সৌদি আরবের রিয়াদে ষষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের সূচি পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে নিরাপত্তাজনিত কারণে চলতি বছরের ডিসেম্বর থেকে পিছিয়ে গেমসের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০২৭ সালের ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল।

পিওএর মহাসচিব মুহাম্মদ খালিদ মাহমুদ বলেন, ‘ষষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের পুনর্নির্‌ধারিত সূচি বিবেচনায় নিয়েই নতুন তারিখ ঠিক করা হয়েছে। অ্যাথলেটদের কল্যাণ ও সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তারা যেন দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বিঘ্নে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতেই দক্ষিণ এশিয়ার সব দেশের জাতীয় অলিম্পিক কমিটির সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে ২৮টি ডিসিপ্লিনে এবারের গেমস আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রায় চার হাজার ২০০ অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নেবেন। বারবার গেমস পিছিয়ে যাওয়ায় প্রস্তুতিতে ছন্দ হারিয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। গেমস সামনে রেখে কয়েকটি ফেডারেশন বিদেশি কোচ নিয়োগ ও ক্যাম্প শুরু করলেও অনিশ্চয়তা এবং অর্থসংকটে অনেকেই তা বন্ধ করতে বাধ্য হয়েছে। ২০১৯ সালের পর দীর্ঘ বিরতিতে গেমস আয়োজনের অপেক্ষায় থাকা অ্যাথলেটদের হতাশাও তাই বাড়ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বক্সার সেলিম হোসেন বলেন, ‘এসএ গেমস সামনে রেখে আমরা প্রস্তুতি শুরু করেছিলাম। ফেডারেশন কিরগিজস্তান থেকে কোচ এনেছিল। কিন্তু বারবার গেমস পিছিয়ে যাওয়ায় ক্যাম্প বন্ধ হয়ে যায়। এভাবে হলে একজন অ্যাথলেটের হতাশা পাওয়া স্বাভাবিক।’ ব্যাডমিন্টন খেলোয়াড় আল আমিন জুমার বলেন, ‘এসএ গেমস সামনে রেখে ফেডারেশন প্রস্তুতি শুরু করেছিল। বারবার পিছিয়ে যাওয়ায় আমরা হতাশ। আয়োজকদের উচিত বারবার পিছিয়ে না দিয়ে গেমস আয়োজন করা। আর সেটি সম্ভব না হলে আয়োজকত্ব ছেড়ে দেওয়া।’