ইংলিশ প্রিমিয়ার লীগ মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই কি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি ম্যাচ? মাঠের শক্তি, সামপ্রতিক প্রতিদ্বন্দ্বিতা এবং দুই দলের শিরোপার উচ্চাকাঙ্ক্ষা বিবেচনায় উত্তরটি নিঃসন্দেহে ‘হ্যাঁ’। তবে এবারের লড়াইয়ের তাৎপর্য কেবল তিন পয়েন্ট কিংবা শিরোপার সমীকরণে সীমাবদ্ধ নয়। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার রায়, সম্ভাব্য শাস্তি এবং মাঠের বাইরের অনিশ্চয়তা এই মহারণকে দিয়েছে ভিন্ন মাত্রা। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আজ রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ১১ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান ৬ পয়েন্ট। ঘরের মাঠে জয় পেলে সিটির সঙ্গে ব্যবধান ৯ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর্সেনালের। শিরোপার দৌড়ে সেটি হতে পারে বড় মনস্তাত্ত্বিক সুবিধা।
তবে ম্যাচের আগে আলোচনার বড় অংশ জুড়েই রয়েছে সিটির মাঠের বাইরের ঘটনা। প্রিমিয়ার লীগের আর্থিক বিধি ভঙ্গের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ক্লাবটি। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয় বছরে সংঘটিত অনিয়মের অভিযোগ নিয়ে এই রায় এসেছে। যদিও নিজেদের নির্দোষ দাবি করে আসছে সিটি এবং রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে তারা। আগামী মাসে আপিলের শুনানি হওয়ার কথা। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে বিপুল অঙ্কের জরিমানা, পয়েন্ট কর্তন এমনকি লীগ থেকে বহিষ্কারও।
গত মৌসুমে শিরোপা জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানো আর্সেনাল এবারো শীর্ষস্থান ধরে রেখেছে। তবে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও পারফরম্যান্সে এখনো প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে পারেনি দলটি। নিউক্যাসেল ইউনাইটেড ও বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্র এবং স্লাভিয়া প্রাগের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ছন্দ হারানো সেই দুর্বলতাই সামনে এনেছে। এ কারণেই সিটির বিপক্ষে জয় আর্তেতার দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের সম্ভাব্য শাস্তির ওপর নির্ভর না করে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চায় আর্সেনাল।
শুক্রবার সংবাদ সম্মেলনে গানার বস বলেন, ‘যখন দুটি দলই নিজেদের সেরা পর্যায়ে থাকে এবং তাদের দলে এমন মানসম্পন্ন খেলোয়াড় থাকে, তখন এটি বিশাল একটি ম্যাচ। আমাদের জন্য এমন ম্যাচ উপভোগ করাই গুরুত্বপূর্ণ। এ ছাড়া অন্য কিছুতে মনোযোগ দেয়ার প্রয়োজন নেই।’
পেপ গার্দিওলার বিদায়ের পর এনজো মারেস্কার অধীনে নতুন যাত্রা শুরু করেছে সিটি। শুরুতে টানা ৮ জয়ে প্রত্যাশা বাড়লেও সামপ্রতিক সময়ে সেই ছন্দ হারিয়েছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের শেষ ৭ ম্যাচে জয় মাত্র ২টি। নাপোলির বিপক্ষে ২-২ গোলে ড্র এবং ফুলহ্যামের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স সিটির দুর্বলতা স্পষ্ট করেছে। সর্বশেষ ১০ ম্যাচে কোনো ক্লিনশিট নেই তাদের। সাতবার ম্যাচে পিছিয়ে পড়েছে দলটি। রক্ষণভাগের সমন্বয়হীনতা, ব্যক্তিগত ভুল এবং প্রতিপক্ষের দ্রুত পাল্টা আক্রমণ সামলাতে না পারা এখন মারেস্কার বড় দুশ্চিন্তা। তবে সিটি কোচ মনে করেন, নতুন দল গড়ে উঠতে সময় প্রয়োজন। আর্সেনালের সঙ্গে তুলনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করার বয়স মাত্র চার মাস, আর আর্সেনালের সাত বছর। এই দুটি প্রকল্পকে তুলনা করা যায় না।’ মারেস্কা আরও বলেন, ‘আমি কোনো জাদুকর নই। পরিবর্তনের জন্য সময় লাগে।
আমাদের দলে আট-নয়জন নতুন খেলোয়াড় এসেছে, কোচও নতুন। তাই সময় দেয়াটা স্বাভাবিক।’ নাপোলির বিপক্ষে ড্রয়ের পর হতাশা প্রকাশ করেন আর্লিং ব্রুট হালান্দ। আর্সেনালের বিপক্ষে ম্যাচকে মৌসুমের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার মতে, জিততে হলে দলের প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের সেরাটা দিতে হবে। হালান্ডের হতাশা নিয়ে মারেস্কা বলেন, ‘আর্লিং জিততে ভালোবাসে। আমরা যখন জিতি না, তখন তার খারাপ লাগাটাই স্বাভাবিক। শুধু আর্লিং নয়, সবাই হতাশ হয়।’ ম্যাচের আগে আর্সেনালের উদ্বেগ গোলকিপার ডেভিড রায়াকে ঘিরে। চোটের কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ডিফেন্ডার উইলিয়াম সালিবা ফিরলেও প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে তাকে। অন্যদিকে, সিটির উইঙ্গার আতোয়ান সেমেনিও এই ম্যাচে খেলতে পারছেন না। আগামী সপ্তাহে তার ফেরার কথা রয়েছে।
