অস্ট্রেলিয়ার ‘নতুন পরীক্ষা’য় ৭ পেসার নিয়ে প্রস্তুত নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার ‘নতুন পরীক্ষা’য় ৭ পেসার নিয়ে প্রস্তুত নিউজিল্যান্ড

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে বড় পরিবর্তন অস্ট্রেলিয়া দলে। ক্যারিয়ারে টানা ১৪৫ ম্যাচ খেলার পর প্রথমবার টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। দুই নতুন মুখকে দলে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। অন্যদিকে, স্কোয়াডে ৭ পেসার নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে কিউইরা।

শনিবার ঘোষিত অজিদের ১৩ সদস্যের দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অফ স্পিনার কোরি রচিচিওলি ও ব্যাটার জ্যাক ক্লেটন। লায়নের পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন, কুপার কনোলি ও বাউ ওয়েবস্টার। সামপ্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় লায়নকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭৭ টেস্ট উইকেট নেয়া লায়ন দেশটির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শেন ওয়ার্নের (৭০৮) পর দ্বিতীয় স্থানে রয়েছেন। তার বিকল্প হিসেবে বিবেচিত রচিচিওলির প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯ ম্যাচে উইকেট ২০৫টি। চলতি শেফিল্ড শিল্ডেও বল ও ব্যাট হাতে নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, ৫ ম্যাচে ৪৪৯ রান করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ক্লেটন।

অস্ট্রেলিয়ার পরিবর্তনের বিপরীতে শক্তিশালী পেস আক্রমণ সাজিয়েছে নিউজিল্যান্ড। ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাত পেসার। ফিরেছেন উইল ও’রুর্কে ও মাইকেল রে। ভারতের বিপক্ষে সব সংস্করণের সিরিজে বিশ্রাম দেয়া হয় ও’রুর্কেকে। এখন পর্যন্ত ১৪ টেস্টে ৪৯ উইকেট ঝুলিতে আছে এই পেসারের, ফাইফার নিয়েছেন দুবার। তাদের সঙ্গে আছেন ম্যাট ফিশার, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, কাইল জেমিসন ও নাথান স্মিথ।

আগামী ৯ই ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ ১৭ই ডিসেম্বর অ্যাডিলেডে, তৃতীয়টি ২৬শে ডিসেম্বর মেলবোর্নে এবং শেষ টেস্ট ৪ঠা জানুয়ারি সিডনিতে। ১৯৯৯ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে।

অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, কোরি রচিচিওলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।
নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।