স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় রোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যব্যয় হ্রাস এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পারস্পরিক সহযোগিতা জোরদারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দেশের স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে জুম প্ল্যাটফর্মে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ড. প্রাস্তুতি সোয়েওন্দো, পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উইসনু ত্রিয়াঙ্গোনো, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান বায়ু তেজা কেসেহাতান, ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের স্বাস্থ্য খাতের বর্তমান অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয়জনিত আর্থিক বিপর্যয় প্রতিরোধ, ব্যক্তির নিজ পকেট থেকে স্বাস্থ্যব্যয় হ্রাস এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর অর্থায়ন কৌশল প্রণয়ন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরে একটি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন। বিশেষ করে, অর্থের অভাবে কোনো নাগরিক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসাব্যয় মেটাতে কোনো পরিবার যেন দারিদ্র্যের কবলে না পড়ে, সে লক্ষ্যে কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতিগুলো কাজে লাগানোর সম্ভাবনার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক ও কাঠামোবদ্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময় প্রক্রিয়া সূচনার বিষয়ে আলোচনা হয়। এর মাধ্যমে উভয় দেশ স্বাস্থ্য খাতের সফল উদ্যোগ, নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে একে অপরের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারবে। বিশেষ করে, টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা প্রবর্তন এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য যথাযথ আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী উভয় দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দৃঢ় অঙ্গীকার ও আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার এই উচ্চপর্যায়ের বৈঠক স্বাস্থ্য খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ উদ্যোগ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত, জনবান্ধব ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার পথকে আরও সুগম করবে বলে আশা করা হয়।
