চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি হত্যা মামলার বিচারকাজ। মামলার অভিযোগপত্রে ৪৯ জন সাক্ষীর নাম থাকলেও এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। অন্যদিকে, ৩৭ আসামির মধ্যে ২৭ জন কারাগারে থাকলেও পলাতক রয়েছেন ১০ জন। বৃহস্পতিবার আলিফ হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নগরের পুরনো আদালত ভবন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নিয়ে আইনজীবীরা বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত এলাকায় একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যার দুই বছর পার হলেও বিচার শেষ না হওয়া অত্যন্ত হতাশাজনক। মামলার সাক্ষ্যগ্রহণের ধীরগতিতে বিচারপ্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ করা এবং পলাতক ১০ আসামিকে গ্রেপ্তারের দাবি জানান। একইসঙ্গে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আহ্বান জানান তারা।
২০২৪ সালের ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওই দিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ শুরু করলে একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশ ও সাধারণ আইনজীবীদের সংঘর্ষ হয়। আদালত এলাকায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ সময় আদালত ভবনের অদূরে রঙ্গম কনভেনশন হলের সামনে হামলার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তাকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিফ তখন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের আইনজীবী সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সময় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রথমে ৩১ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১লা জুলাই তৎকালীন মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) ও মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ৩৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে প্রধান আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরে ২৫শে আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে মামলার ৩৭ আসামির মধ্যে ২৭ জন কারাগারে রয়েছেন। বাকি ১০ জন এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ছেলে হত্যার বিচার দেখে যেতে চান বলে জানিয়েছেন আলিফের বাবা জামাল উদ্দিন। তিনি বলেন, দিনদুপুরে প্রকাশ্যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। ছেলেকে আর ফিরে পাওয়ার সুযোগ নেই। তবে জীবনের শেষ সময়ে হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেখে যেতে চান তিনি।
