মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (চাকরিচ্যুত) জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একইসঙ্গে জিয়াউলের সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেয়ার আবেদন করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির এই আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন, সংবিধানের বিধান এবং মামলার তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে তুলে ধরার জন্য অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ জানান।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউলের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। যুক্তি উপস্থাপনটি ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) ও গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের মা ও গুম পরিবারের সদস্যরা। এদিকে আগামী ২৯শে নভেম্বর আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্যে দিয়ে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।
গতকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর মো, আমিনুল ইসলাম। এদিন বেলা সোয়া ১১টার পর শুরু হওয়া এই যুক্তিতর্কের শুরুতেই মামলার ঘটনাবলি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। একপর্যায়ে ট্রাইব্যুনালকে তিনি বলেন, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী দেশের যেকোনো আদালতে বক্তব্য উপস্থাপনের অধিকার তার রয়েছে এবং প্রসিকিউশন টিমের একজন আইনজীবী হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করছেন।
যুক্তিতে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে ‘নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনের স্বীকৃত ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার এবং বিশ্ব মানবতার কলঙ্ক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একের পর এক মানুষকে তুলে নেয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করে ফেলার মতো ঘটনা ঘটেছে। কোনো শাস্তিই হারানো জীবন ফিরিয়ে দিতে না পারলেও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা জরুরি।
মরদেহ গুমের পদ্ধতি ও আন্তর্জাতিক নজির: অ্যাটর্নি জেনারেল বলেন, টিএফআই সেল থেকে আনা চোখবাঁধা বন্দিদের বিশেষভাবে সাজানো ট্রলারে তুলে বলেশ্বর নদী, বরগুনার চরদুয়ানি খালের মোহনা, পোস্তগোলা ও সুন্দরবন এলাকায় নিয়ে যাওয়া হতো। সেখানে শরীরে সিমেন্ট ভর্তি ভারী বস্তা বেঁধে, মাথায় গুলি বা ইনজেকশন দিয়ে এবং কমান্ডো ছুরি দিয়ে পেট চিরে গভীর পানিতে ফেলে দেয়া হতো যেন লাশ ভেসে না ওঠে। তিনি এর সঙ্গে আর্জেন্টিনার সামরিক জান্তার ‘ডেথ ফ্লাইট’ ও ইএসএমএ বিচারের সাদৃশ্য তুলে ধরেন। এ ছাড়া, নারায়ণগঞ্জের সাত খুন মামলায় লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারার জবানবন্দি উদ্ধৃত করে তিনি বলেন, র্যাবের এডিজি অপস থাকাকালে কর্নেল জিয়ার তালিকা ও নির্দেশেই কাউন্সিলর নজরুলসহ ৭ জনকে অপহরণ ও হত্যা করা হয়েছিল এবং সেখানেও শরীর অবশ করার ইনজেকশন প্রয়োগের একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, চাদের সাবেক প্রেসিডেন্ট হিসেন হাবরে, পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি, রুয়ান্ডার জ্যাঁ-পল আকায়েসু, বসনিয়ার রাদোভান কারাদজিচ, রাতকো মøাদিচ ও স্তানিসøাভ গালিচ, কম্বোডিয়ার ডুচ, লাইবেরিয়ার চার্লস টেলর এবং সিরিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা আনোয়ার রাসলান ও ইয়াদ আল-গারিবের মামলার আন্তর্জাতিক নজির তুলে ধরা হয়। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এসব নজির প্রমাণ করে যে রাষ্ট্রীয় যন্ত্র বা নিরাপত্তা বাহিনী ব্যবহার করে সংঘটিত পদ্ধতিগত নৃশংসতার জন্য শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বও ফৌজদারি দায় এড়াতে পারেন না।
‘আয়নাঘর’ ও বিশিষ্ট ব্যক্তিদের গুম: জিয়াউলের তৎকালীন রানার ও দেহরক্ষী ইমরুল কায়েসের (সাক্ষী-৫) জবানবন্দি এবং গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ভুক্তভোগীদের চোখ বেঁধে ‘টিএফআই সেল’ বা ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালায় আটকে রেখে পরবর্তীতে হত্যার স্থানে নিয়ে যাওয়া হতো। বিএনপি নেতা এম. ইলিয়াস আলী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুম হওয়ার পেছনেও র্যাব ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে জিয়াউল আহসানের সম্পৃক্ততার বিষয়টি সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে। তিনি আরও বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ ১৫ জন সাক্ষী এবং আসামিপক্ষ ১ জন সাক্ষী উপস্থাপন করেছে। সেনাবাহিনীর সদস্যদের প্রতি দেশের মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জনগণের করের টাকায় পরিচালিত বাহিনীর প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষকে নিরাপদ রাখা। কিন্তু সেই দায়িত্বের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন জিয়াউল আহসান। তিনি বলেন, অনেক সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেরা অপারেশন করেন না। কিন্তু এই মামলায় কমপক্ষে ১১৬টি উদাহরণ রয়েছে, যেখানে জিয়াউল আহসান সরাসরি এসব অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না।
ট্রাইব্যুনালের এখতিয়ার ও আইনি ব্যাখ্যা: শুনানির শেষের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা আইনজীবীদের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৪৭ ও ৪৭(ক) অনুচ্ছেদ এবং ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৩ ও ৪ ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচার করার পূর্ণ সাংবিধানিক ও আইনি বৈধতা রয়েছে। এই আইন কেবল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অপরাধের জন্য সীমাবদ্ধ নয়; বরং এটি একটি চলমান আইন। তিনি আরও বলেন, বাংলাদেশ ২০১০ সালের ২৩শে মার্চ ‘রোম স্ট্যাটিউট’ অনুসমর্থন (র্যাটিফাই) করেছে এবং ২০১৬ সালের সংশোধনীর মাধ্যমে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ৭(২)-এর সংজ্ঞাগুলো দেশীয় আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুগোসøাভিয়া ট্রাইব্যুনালের ‘তাদিচ’ মামলার নজির টেনে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ যুদ্ধকালীন সময়ের বাইরে শান্তির সময়েও সংঘটিত হতে পারে। এ ছাড়া, এই ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট ইতিপূর্বে খারিজ হয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থানের মামলায়ও ট্রাইব্যুনাল রায় দিয়েছেন বলে তিনি স্মরণ করিয়ে দেন।
চিফ প্রসিকিউটরের যুক্তি উপস্থাপন: এদিকে, সমাপনী যুক্তি উপস্থাপনের দ্বিতীয় ধাপে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জাতির প্রত্যাশা বিবেচনায় নিয়ে মামলাটির রায় দ্রুত ঘোষণার আবেদন করেন। তিনি বলেন, ১১৬ ভিকটিম, ১০০ জনের মরদেহ না পাওয়ার বিষয়ে তিনি জানান, এ মামলায় সর্বমোট ১৫ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে প্রায় ছয়জন সরাসরি জিয়াউল আহসানের অপকর্মের সহযোগী ও প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তারা ঘটনার নারকীয় বর্ণনা দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দির হিসাব অনুযায়ী, এ মামলায় মোট ১১৬ জন ভিকটিমের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও পেট কেটে নদীতে ভাসিয়ে দেয়ায় বাকি ১০০ জনের মরদেহ উদ্ধার করা যায়নি। যুক্তিতে চিফ প্রসিকিউটর দেশি ও আন্তর্জাতিক বেশ কয়েকটি মামলার নজির ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও ‘১০ হাজার লোক এলিমিনেট’ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া মেজর তৌহিদের জবানবন্দির একটি অংশ ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়। ওই জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসান একসময় মনে করেছিলেন তিনি আর মেজর হতে পারবেন না। কিন্তু হঠাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ার পর তিনি মেজর তৌহিদকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে এবং এখন থেকে তিনি ‘বাদশাহী জীবনযাপন’ করবেন। শেখ হাসিনা তাকে নির্দেশ বা অভিমত দিয়েছেন— ১০ হাজার লোককে ‘এলিমিনেট’ (হত্যা বা শেষ) করতে হবে। যার মধ্যে ৬ হাজার বিএনপি’র, ২ হাজার জামায়াতে ইসলামীর এবং বাকি ২ হাজার জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগ সেজে থাকা ব্যক্তিদের তালিকা ছিল। এ ছাড়া, ভুয়া এফআইআর, বিকৃত ময়নাতদন্ত ও গণমাধ্যমের ব্যবহারের বিষয়টিও যুক্তিতে উঠে আসে। এ সময় একটি ভিডিও প্রদর্শন করা হয়, এতে দেখা গেছে একটি অপারেশনে জিয়াউল আহসান নিজেই ভিকটিমদের গুলি করছেন। কিন্তু অপারেশন শেষে দায়ের করা এফআইআরে নিজের অংশগ্রহণের তথ্য গোপন করে কনস্টেবল, এসআই বা এএসআইরা গুলি করেছেন মর্মে মিথ্যা তথ্য দেয়া হয়।
