সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিলেট নগর পুলিশ জানায়, রাতে নগরের ৪২ নম্বর ওয়ার্ডে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের পাকা সড়কে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির একদল নেতাকর্মী জড়ো হন। একটি নোহা গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলযোগে এসে তারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে নাশকতায় ব্যবহৃত একটি নোহা গাড়ি এবং আগুনে পোড়ানো টায়ার জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ৭ জনকে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে মো. সেলিম আহমেদ, সিলেট কোতোয়ালি থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ, শাহ্পরাণ (রহ.) থানার দলইপাড়া এলাকার আঃ হালিমের ছেলে মো. তাজুল ইসলাম, কোতোয়ালি থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ, ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া, তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন এবং তালতলা নীলিমা-৮ এলাকার বাবুলের ছেলে বাদল আহমদ। মোগলাবাজার থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
