ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা মোহাম্মদ এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জেরে উন্নয়নকাজে বাধা, ভাঙচুর ও প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় হাজী জামাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
জানা যায়, এলাকার শিক্ষার প্রসারে মৃত হাজী চান মিয়া সরকার বিদ্যালয়কে ৩০ শতক জমি দেয়ার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে তার ওয়ারিশরা ১৪ শতক জমি বিদ্যালয়ের নামে দলিল করে দেন। বাকি ১৬ শতক জমি তার ছোট ছেলে প্রবাসী গিয়াসউদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমের নামে ছিল। হাজী চান মিয়া সরকারের ছেলে মোহাম্মদ জাকারিয়া সরকার অভিযোগ করেন, বিদ্যালয়ের নামে দলিল করে দেয়ার কথা বলে হাজী জামাল মিয়া প্রতারণার মাধ্যমে ওই ১৬ শতক জমি নিজের নামে দলিল করে নেন। পরে জমিটি তার স্ত্রীর নামে হস্তান্তরের কথাও শোনা যাচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে হাজী জামাল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। জাকারিয়া সরকার জানান, জমি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সেখানে ৩০ শতক জমির মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করা হলেও হাজী জামাল মিয়া অতিরিক্ত ১০ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ তার।
এদিকে, গত বুধবার বিদ্যালয়ের জমিতে উন্নয়নকাজ শুরু করতে গেলে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় প্রধান শিক্ষক আমিরুল ইসলামের ওপর হামলার চেষ্টাও করা হয় বলে দাবি করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। ঘটনার ভিডিও ফুটেজ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। তারা জমি নিয়ে বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি, বিদ্যালয়ের উন্নয়নকাজে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলা-ভাঙচুরের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে প্রয়োজনীয় পরামর্শ দিতে প্রস্তুত আছি।
