ভারতের দরিদ্রতম রাজ্য বিহার। সেখানের একজন বিতর্কিত বিধায়ক অনন্ত সিং। মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথিকে আপ্যায়ন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার নামে রয়েছে হত্যা মামলাও। বুধবার রাজ্যের নাদাওয়া গ্রামে পারিবারিক বাড়িতে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়। অতিথিদের যাতায়াতের জন্য সেখানে ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। পাশাপাশি বিশাল ভোজের রান্নার জন্য নিয়োগ দেয়া হয় ৫০০ বাবুর্চি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
২০২৪ সালে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি তার ছেলে অনন্তের বিয়েতে অন্তত ৬০ কোটি ডলার (প্রায় ৭ হাজার ৪৩৯ কোটি টাকা) খরচ করে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন। বিহারের গ্রামীণ পরিবেশে অনন্ত সিংয়ের এই আয়োজন সেই জাঁকজমককে যেন টেক্কা দেয়ারই চেষ্টা। কনে শিবাঙ্গী সিংয়ের সাথে বর ঋষিকেশ কুমারের বিয়ে উপলক্ষে ২ দশমিক ৫ হেক্টর জায়গাজুড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর ঋষিকেশ যুক্তরাষ্ট্রের আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী। অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, অতিথিদের জন্য ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া কাবাব ও কারির জন্য এক হাজার কেজি খাসির মাংস রান্না করা হয়।
ভারতজুড়ে আসা ভিআইপি অতিথিদের জন্য ছয়টি হেলিপ্যাড তৈরির পাশাপাশি বর ঋষিকেশ কুমার ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের আসরে পৌঁছান। চোখে সানগ্লাস ও কমলা রঙের স্কার্ফ নেড়ে তিনি উপস্থিত হন এবং উপহার হিসেবে পান একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি। বিয়ের আগে অনুষ্ঠানস্থলে যাওয়ার রাস্তাগুলো গাড়ির জটে এতটাই স্থবির হয়ে পড়েছিল যে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এক অতিথি যানজট এড়াতে ট্রাক্টরে চড়ে আশপাশের ফসলের মাঠ পেরিয়ে বিয়েবাড়িতে পৌঁছান। অতিথিদের বরণে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজানো হয় পুরো এলাকা এবং আয়োজন করা হয় আতশবাজির। বিনোদনের জন্য ডিজে পার্টির বদলে ঘোড়দৌড়ের আয়োজন করেছিলেন অনন্ত সিং। তবে সেই দৌড় দেখতে বিনা আমন্ত্রণে আসা মানুষজন গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং শেষ মুহূর্তে প্রতিযোগিতাটি বাতিল করতে হয়। বিজয়ীর জন্য রাখা পুরস্কারের এসইউভি গাড়িটি তখনও বিয়েবাড়ির এক কোণে পড়ে থাকতে দেখা যায়।
বিহারের রাজনীতিতে অনন্ত সিং অত্যন্ত বিতর্কিত একটি নাম। রাজ্য বিধানসভায় পাঁচবার নির্বাচিত এই বিধায়কের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। সুশাসন ও গণতন্ত্র নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের ওয়েবসাইটে তার সব মামলার তালিকা রয়েছে। তবে অনন্ত সিং বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে এই বিশাল আয়োজন নিয়ে অস্বাভাবিকতার কিছু নেই জানিয়ে তিনি বলেন, বড় মেয়ের বিয়েতেও তিনি ঠিক একই রকম আয়োজন করেছিলেন। উল্লেখ্য, ভারতে সবেমাত্র বিয়ের মৌসুম শুরু হয়েছে এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দেশটিতে আনুমানিক ৫২ লাখ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
