লালপুরে হ্যাকিং, মাদক ও জুয়া একই সুতোয় গাঁথা

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণা, অনলাইন জুয়ার কারবার, মাদক সেবন ও ব্যবসার এক ভয়ঙ্কর চক্রের চিত্র উঠে এসেছে পুলিশের সাম্প্রতিক তথ্যে। গত আট মাসে সাইবার প্রতারণা, জুয়া ও মাদকসংক্রান্ত ১১১টি মামলায় ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত এক মাসেই ১৩টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৪০ জন। থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে পরিচিতজনের কাছে টাকা চাওয়া, মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি হাতিয়ে নেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ভয় দেখিয়ে টাকা দাবি ও প্রবাসীদের ব্ল্যাকমেইলসহ নানা কৌশলে প্রতারণা করা হচ্ছে। স্থানীয়ভাবে প্রতারক চক্রের সদস্যরা ‘হ্যাকার’ নামে পরিচিত। তাদের অধিকাংশই মাদক সেবন করে বলে জানা গেছে। তাদের কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গেও যুক্ত। কেউ আবার অনলাইন জুয়া খেলা ও বেটিং পরিচালনায় জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে তাদের অনেকের বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই ব্যক্তি একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে।

এ ছাড়া, এ-সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রী ও পুলিশ সদস্যও গ্রেপ্তার হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের এক হ্যাকার মানবজমিনকে জানান, প্রতারণা করে তিনি জমি কিনেছেন, বাড়ি-গাড়ি করেছেন। অনলাইন জুয়া খেলে তিনি একদিনেই হেরেছেন ৭২ লাখ টাকা। তবে টাকা কোনো ব্যাপার না। তার ভাষায়, টাকা যাবে, টাকা আসবে। হ্যাকিংয়ের সদর দপ্তরখ্যাত বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু মানবজমিনকে বলেন, বর্তমান সরকার আসার পর পুলিশের তৎপরতায় অনেকে আটক হয়েছেন। আশা করি, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং হ্যাকারদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, গত আট মাসে শতাধিক অভিযান পরিচালনা করে সাইবার সুরক্ষা আইনে ৩৫টি মামলায় ৯৭ জন, জুয়া প্রতিরোধ আইনে ৮টি মামলায় ৩১ জন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৮টি মামলায় ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত এক মাসে ১৩টি মামলায় গ্রেপ্তার ৪০ জনের মধ্যে ১৭ জন সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনের উভয় মামলায় অভিযুক্ত। বাকি ২৩ জন জুয়া, মাদক কিংবা সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

এ সময় ১৮২টি অ্যান্ড্রয়েড ফোন, চার শতাধিক সিম কার্ড, ২৪টি মোটরসাইকেল, ৩ লাখ ৬২ হাজার টাকা, ইয়াবা ও হেরোইন সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, প্রবাসীরা হ্যাকারদের মূল টার্গেট। হ্যাকাররা সাধারণত রাত জেগে প্রতারণার কাজ ও বিভিন্ন ধরনের মাদক সেবন করে। তবে সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।