বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস বিস্ফোরণে তিনজন নিহত

ফন্ট সাইজ:

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দুই নারী নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসে থাকা তিন শিশুসহ আরও ৯ যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (১২) ও চালক রিন্টু (৪৭)। আহতরা হলেন- ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)। জানা গেছে, ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীভর্তি মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়। মহাসড়কের পাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন