ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ফটিকছড়ি উত্তর উপজেলার হাজিরখিল এলাকায় সন্ধান পাওয়া ওই কারখানা থেকে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দু’টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ভূজপুর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে হাজিরখিল এলাকায় গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অভিযোগ, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে শুটার রায়হানকে আশ্রয় দিয়ে আসছিল। তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও তাদের হেফাজতে ছিল। ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, কারখানাটি কতোদিন ধরে পরিচালিত হয়ে আসছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। গত ২৩শে নভেম্বর রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট বাজার এলাকায় গুলির ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশা থেকে ছোড়া গুলিতে ছয়জন আহত হন। এ ঘটনার পর শুটার রায়হানকে ধরতে অভিযানে নামে পুলিশ।
এর আগে গত ২২শে নভেম্বর সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে নিজের ফার্নিচারের দোকানে বসে থাকা ব্যবসায়ী আবছার চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন।
