রংপুরে চার খুনের নতুন তথ্য

চুরির উদ্দেশ্যেই শিক্ষক পরিবারের ৪ সদস্যকে হত্যা

ফন্ট সাইজ:

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যাকাণ্ডের নতুন মোটিভ উপস্থাপন করেছে পুলিশ। বাসার ছাদে মাদক সেবন করতে দেখে ফেলায় নয়, পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যেই হত্যার ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। গণপতি চক্রবর্তীর অবসরের জন্য পাওয়া ২০ লাখ টাকা ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর বিপুল পরিমাণ গহণা বাড়িতে রয়েছে এমন অনুমান ছিল অভিযুক্তদের। স্বর্ণালংঙ্কারসহ ২০ লাখ টাকা চুরি করে সিদ্ধার্থ দাস পরিবারসহ ভারতে চলে যাবে এবং মাছের দোকানে কাজ করা মুগ্ধ দাস জীবনমানের উন্নয়নে গরুর খামার দেবে লক্ষ্য থেকেই ২১ আগস্ট ভোরে গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরির করার উদ্দেশ্যে তারা যায় এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। গতকাল দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মুহা. মাহবুবুর রশীদ চার হত্যাকাণ্ডের নতুন মোটিভ জানান।

তিনি জানান, নিরবিচ্ছিন্ন তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ড সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের মামলায় আদালতে দেয়া চার্জশীটে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাকান্ডের জন্য ৩০২ ধারা, চুরির জন্য ৩৮০ ধারা এবং একাধিক ব্যক্তি মিলে অপরাধ সংঘটিত করায় ৩৩৪ ধারা অভিযুক্তদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে। এছাড়া আদালতে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ফরেনসিকে পাঠানো ৬৬টি আলামত জমা দেয়া হয়েছে।

পুলিশ কমিশনার মুহা. মাহবুবুর রশীদ বলেন, শিক্ষক গণপতি হত্যাকাণ্ডের রহস্য কোনো গল্পের পর্যায়ে নেই, এটি একটি ঘটনা। পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশীট দিয়েছে। তারা চুরির উদ্দেশ্যেই শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যা করেছে এটি তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু বাসায় বিদ্যুতের সংযোগ ছিল না, তাই তারা অপেক্ষা করছিলো কেউ বাসা থেকে বেরিয়ে এলে তারা গিয়ে চুরির ঘটনাটি সংঘটিত করবে। ছাদে সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে ফেলায় প্রথমে গণপতিকে এরপর সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী এবং ঘরে ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করে। এরপর বাড়ির ভেতরে গিয়ে বিভিন্ন আলমারী, ড্রয়ার খুলে গণপতি চক্রবর্তীর অবসরের ২০ লাখ টাকা না পেলেও কিছু টাকা ও স্বর্ণালংঙ্কার নিয়ে যায়। যা আসামী গ্রেফতারের পর সেগুলো উদ্ধার করা হয়।