অনলাইনে আক্রমণের ভয়ে নীরব হচ্ছেন নারীরা সংকুচিত হচ্ছে মতপ্রকাশের পরিসর

অনলাইনে আক্রমণের ভয়ে নীরব হচ্ছেন নারীরা সংকুচিত হচ্ছে মতপ্রকাশের পরিসর

ফন্ট সাইজ:

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে জনপরিসরের সবচেয়ে উন্মুক্ত মঞ্চ বলা হলেও, নারীদের জন্য এই ডিজিটাল আঙ্গিনা হয়ে উঠছে এক অদৃশ্য রণক্ষেত্র। পোশাক, পেশা কিংবা রাজনৈতিক আদর্শ। যেকোনো বিষয়ে নারীরা মুখ খুললেই ধেয়ে আসছে সংঘবদ্ধ আক্রমণ। এই ক্রমাগত বিষবাষ্পে দম বন্ধ হয়ে আসা অসংখ্য নারী নিজেকে গুটিয়ে নিচ্ছেন নীরবতার খোলসে, বেছে নিচ্ছেন ‘সেলফ সেন্সরশিপ’।

অনলাইনে নারীদের বিরুদ্ধে আক্রমণের ধরন নিয়ে কথা বলেছেন বিভিন্ন পেশা ও বয়সের নারীরা। নারী ভ্রমণকারীদের সংগঠন ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ’-এর সহ-প্রতিষ্ঠাতা ডা. সাকিয়া হক জানান, মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ শেষ করার পর বাস্তবে মানুষের ভালোবাসা ও প্রশংসা পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল মন্তব্য ও ধর্ষণের হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি পরবর্তীতে শাড়ি পরে মোটরসাইকেল চালানোর ঘটনা সংবাদমাধ্যমে আসার পরও একই ধরনের কটূক্তি ও সমালোচনার শিকার হতে হয়েছে। তার মতে, অনলাইনে পরিচয় গোপন রাখার সুযোগ থাকায় অনেকে বাস্তব জীবনে যা বলার সাহস পান না, তা অনলাইনে লিখে ফেলেন।

সাইবার হয়রানির শিকার হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন গণমাধ্যমকর্মী মোহনা রশিদও। একটি জাতীয় দৈনিকে কর্মরত মোহনা রশিদ জানান, ফেসবুকে ‘নারী রুমমেট আবশ্যক’ উল্লেখ করে এবং পুরুষ বা ছোট পরিবারকে নক না করার স্পষ্ট নির্দেশনা দেয়ার পরও নিজস্ব ও ভুয়া অ্যাকাউন্ট থেকে ইনবক্সে আপত্তিকর বার্তা পাঠানো হয়। রুমে থাকতে চাওয়া ও বেড শেয়ার করার মতো প্রস্তাবের কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
অন্যদিকে, সাংবাদিক নাজনীন মুন্নী জানান, দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ভুয়া নগ্ন ভিডিও, মিথ্যা প্রোপাগান্ডা, ভুয়া সংবাদ এবং নানা রাজনৈতিক ট্যাগিংয়ের শিকার হয়েছেন।

মাঠপর্যায়ের এসব অভিজ্ঞতার প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও জরিপেও। মোট নারী ব্যবহারকারীর মধ্যে ঠিক কতো শতাংশ নিয়মিত নীতিনির্ধারণী বা রাজনৈতিক বিষয়ে পোস্ট করেন, তার একক জাতীয় পরিসংখ্যান না থাকলেও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ইয়ুথ পলিসি ফোরামের (ওয়াইপিএফ) ডিজিটাল লিটারেসি ও অনলাইন নিরাপত্তা বিষয়ক জরিপ বলছে—অনলাইনে সক্রিয় নারীদের একটি বড় অংশ (প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ) খবর পড়া বা তথ্য জানার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও সরাসরি রাজনৈতিক মতামত প্রকাশ বা বিতর্কে অংশ নেয়ার হার ১০ থেকে ১৫ শতাংশের নিচে।

একইভাবে কনটেন্ট তৈরির ক্ষেত্রেও বড় ব্যবধান চোখে পড়ে। জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন এসক্যাপ ও বিআইজিডি’র ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটরদের সিংহভাগই (প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ) ফ্যাশন, কসমেটিকস, রান্না, ডেইলি ব্লগিং এবং এফ-কমার্স নিয়ে কাজ করেন। বিপরীতে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম (বিডব্লিউজেএফ) ও সাম্প্রতিক গণমাধ্যম গবেষণাগুলোর তথ্য বলছে, মূলধারার সংবাদমাধ্যম ও স্বাধীন ডিজিটাল পরিসরে সরাসরি হার্ড নিউজ, রাজনীতি, অর্থনীতি বা নাগরিক অধিকার নিয়ে নিয়মিত ভিডিও বা বিশ্লেষণধর্মী কনটেন্ট তৈরি করা নারী ক্রিয়েটরের সংখ্যা মোট নারী ক্রিয়েটরদের ৫ থেকে ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ নারী প্রার্থীর ওপর চালানো ডিসমিসল্যাবের গবেষণায়ও অনলাইন বিদ্বেষ ও হয়রানির চিত্র উঠে এসেছে। উমামা ফাতেমা, শেখ তাসনিম আফরোজ ইমি, ফাতিমা তাসনিম জুমা, বি এম ফাহমিদা আলম ও হেমা চাকমা—এই পাঁচ প্রার্থীর নাম সার্চ করে সংগৃহীত ৫০০টি পাবলিক পোস্টের মধ্যে ২২ শতাংশ পোস্টের বিবরণ বা মন্তব্যে বিদ্বেষ ও হয়রানিমূলক উপাদান পাওয়া গেছে। এসব সমস্যাজনক পোস্টের নিচে থাকা মন্তব্যগুলোর ২৩.৮ শতাংশ ছিল বিদ্বেষমূলক।

শুধু অনলাইন নয়, পরিবার ও কর্মক্ষেত্রেও নারীদের মতামতকে গুরুত্ব না দেয়ার প্রবণতা রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিত্রি চক্রবর্তী প্রাপ্তি। তিনি বলেন, “অ্যাজ আ উইমেন আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে এরকম অভিজ্ঞতা প্রায়ই ফেস করে থাকি যে, আমাদের মতামতের হয়তো খুব বেশি একটা গুরুত্ব দেয়া হচ্ছে না। যেটার কারণে আমরা নিজেদের গুটিয়ে নেই।”

দৈনিক মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী মনে করেন, পরিবার থেকেই ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য তৈরি করার প্রবণতা অনেক ক্ষেত্রে নারীদের আত্মবিশ্বাস ও অগ্রযাত্রাকে প্রভাবিত করে। পাশাপাশি বিয়ের পর কর্মজীবী নারীদের ওপর সংসার ও সন্তান পালনের বাড়তি চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে অনেক নারী পেশাগত জায়গায় পুরো সক্ষমতা দিতে পারেন না বা সমপর্যায়ে কণ্ঠ তুলতে বাধার মুখে পড়েন। বলেন, কোনো বিষয়ে লিখতে গেলে বিপরীত মতাদর্শ বা সংঘবদ্ধ গোষ্ঠীর পক্ষ থেকে নারীদের চেহারা, শারীরিক গঠন, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করা হয়। এতে পরিবারের ভেতর থেকেও চাপ তৈরি হয়, যার ফলে অনেক নারী ডিজিটাল পরিসরে রাজনৈতিক বা জনগুরুত্বপূর্ণ লেখালেখি থেকে সরে আসেন। এর ফলে নারীদের রাজনৈতিক গ্রুমিং বা বিকাশে বাধা তৈরি হচ্ছে।

নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অবস্থান ও প্রতিনিধিত্বের প্রতীকী বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী ও ‘নিজেরা করি’-এর সমন্বয়কারী খুশি কবির। জাতীয় সংসদে নারীদের আসনবিন্যাস এবং রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের প্রান্তিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সংসদেই নারীদের পিছিয়ে রাখার একটি বার্তা দেয়া হয়। তার পর্যবেক্ষণ অনুযায়ী, অধিবেশন কক্ষে সরাসরি ভোটে নির্বাচিত পুরুষ সংসদ সদস্যদের মাঝখানের মূল সারিতে এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দুই পাশে বা প্রান্তে বসানোর দৃশ্য এক ধরনের শ্রেণিবিন্যাস ও প্রান্তিকীকরণের ইঙ্গিত দেয়, যেন একটি বার্তা দেয়া হয় যে, একদল সরাসরি নির্বাচিত এবং অন্যদল সংরক্ষিত বা কোটার প্রতিনিধি।

অ্যাকশনএইড বাংলাদেশের ‘অনলাইন ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ সংক্রান্ত জরিপে দেখা গেছে, সাইবার হয়রানির শিকার নারীদের প্রায় ৪৫% থেকে ৫০% মানসিক চাপের কারণে সাময়িক বা স্থায়ীভাবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন অথবা পাবলিক প্ল্যাটফরমে মতামত ও রাজনৈতিক পোস্ট দেয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি ব্র্যাক (BRAC), বিআইজিডি (BIGD) এবং অ্যাকশনএইডের সাম্প্রতিক গবেষণাগুলোতেও স্পষ্টভাবে উঠে এসেছে যে, অনলাইন বুলিং ও চরিত্রহননের ভয়ে শিক্ষিত, পেশাজীবী এবং সচেতন নারীরা ডিজিটাল পাবলিক স্পেস থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। অনেকেই ফেসবুকের মতো উন্মুক্ত প্ল্যাটফরম ছেড়ে কেবল পরিচিত গণ্ডি বা ক্লোজড গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকছেন, যা ডিজিটাল গণতন্ত্রে নারীর অংশগ্রহণকে সংকুচিত করছে।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর প্রোগ্রাম স্পেশালিস্ট মনীষা বিশ্বাস জানান, ন্যায়বিচারের অভাববোধ থেকেই নারীরা ‘সেলফ সেন্সরশিপ’-এর মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলা থেকে নিজেকে গুটিয়ে নেন।

সংস্কৃতিকর্মী ও প্রশিক্ষক পলি পারভীনের মতে, নারীরা সচেতন এবং কথা বলেন, কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা ও সিস্টেমের কারণে তাদের কণ্ঠস্বর জনপরিসরে কাঙ্ক্ষিত গুরুত্ব পায় না।

নীরবতার সামাজিক ও রাজনৈতিক মূল্য: কী হারাচ্ছে সমাজ ও রাষ্ট্র?
নারীরা যখন আক্রমণের ভয়ে নীরব হয়ে যান, তখন সেটি কেবল ব্যক্তিগত মানসিক কষ্ট বা ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর গভীর সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক মূল্য দিতে হয় পুরো সমাজকে। এমন মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী ও বেসরকারি সংগঠন ‘নিজেরা করি’-এর সমন্বয়কারী খুশি কবির।

​

জরুরি সহায়তা ও হেল্পলাইন
ব্লাস্ট (BLAST): ০১৭১৫-২২০২২০
পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (PCSW): ০১৩২০০০০৮৮৮
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইন: ১০৯
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
সিআইডি সাইবার ক্রাইম সেন্টার হেল্পলাইন: ০১৩২০০১০১৪৮
ডিএমপি সাইবার ক্রাইম হটলাইন: ০১৩২০০৪৬৫০০
ভিকটিম সাপোর্ট সেন্টার: ০১৩২০০৪২০৫৫
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (DBLA): ১৬৬৯৯
সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন: ০১৯৫৭-৬১৬২৬৩
সাইবার টিনস ফাউন্ডেশন: ১৩২১৯
বন্ধু-আইন আলাপ: ০৯৬১৩৮২০৭৭৭ /০১৭৭১৪৪৪৬৬৬