যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটার অবিলম্বে ইরানের সাথে চলমান যুদ্ধের অবসান চান। এমনকি শর্ত কিছুটা প্রতিকূলে গেলেও তারা এই যুদ্ধ বন্ধের পক্ষে। নতুন এক জরিপে দেখা যায়, জরিপে অংশ নেয়া ৫৫ শতাংশ ভোটারই যেকোনো শর্তে এখনই যুদ্ধ বন্ধের সাথে একমত। মঙ্গলবার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা সংস্থা ইপসোসের প্রকাশিত ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’-এ এই তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর পরিচালিত এই জরিপে দেখা যায়, ডেমোক্রেট ভোটারদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে। রিপাবলিকানদের মধ্যেও প্রায় ২৫ শতাংশ একই মত দেন। এছাড়া সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট ভোটার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে কঠোর পদক্ষেপের পক্ষে। ৫৩ শতাংশ ডেমোক্রেট মনে করেন কংগ্রেসের উচিত সামরিক অভিযানের তহবিল আটকে দেয়া, আর ৫১ শতাংশ আসন্ন বাজেট আলোচনায় ইরান যুদ্ধের তহবিল বন্ধের পক্ষে, এমনকি এতে সরকার অচল হওয়ার ঝুঁকি থাকলেও।
জরিপের প্রধান গবেষক শিবলি তেলহামি আল জাজিরাকে জানান, মানুষ যেকোনো শর্তে যুদ্ধ বন্ধের পক্ষে এত বেশি সমর্থন দেবে তা তাকে অবাক করেছে। জরিপে মাত্র ২১ শতাংশ উত্তরদাতা বর্তমান ধারা বজায় রাখার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান জোরদার করার পক্ষে মত দেন। তেলহামি জানান, জনমতের অবস্থান স্পষ্ট—যেভাবেই হোক এখনই এই যুদ্ধ শেষ করতে হবে।
যুদ্ধের যৌক্তিকতা নিয়েও ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। মাত্র ২৮ শতাংশ মনে করেন এই যুদ্ধের ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে দুর্বল অবস্থানে গেছে। এদিকে যুদ্ধের শুরুতে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার পর ট্রাম্প প্রশাসন সেখানে নৌ-অবরোধ আরোপ করে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে। জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন হরমুজ প্রণালি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে, আর মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে এই যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির ক্ষোভ ডেমোক্রেটদের বড় জয়ে ভূমিকা রেখেছে, যার ফলে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় ট্রাম্পের রিপাবলিকান পার্টি। তবে যুদ্ধ বন্ধে কতটা কঠোর অবস্থান নেয়া হবে, তা নিয়ে ডেমোক্রেটদের ভেতরেই বিতর্ক চলছে। হাকিম জেফ্রিস ও সিনেটর চাক শুমারের মতো নেতারা যুদ্ধ বন্ধের পক্ষে কথা বললেও তহবিল বন্ধের মতো কঠোর পদক্ষেপে এখনো প্রতিশ্রুতিবদ্ধ হননি। অন্যদিকে, সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হোলেনের মতো প্রগতিশীল নেতারা আরও জোরালো অবস্থানের দাবি জানাচ্ছেন। মার্কিন সিনেটে ডেমোক্রেটদের নেতৃত্বের লড়াইয়ে শুমারকে চ্যালেঞ্জ জানানো ভ্যান হোলেনকে ডেমোক্রেট ভোটাররা শুমারের চেয়ে প্রায় তিন গুণ বেশি পছন্দ করছেন বলে জরিপে উঠে এসেছে।
