২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি কোনো অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে ৫ আগস্টের পর যারা বিভিন্ন জায়গায় আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন, প্রচলিত দণ্ডবিধিতে তাদের বিচারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের মো. আমিনুল ইসলাম এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, সরকারের সিদ্ধান্তে এখন সারাদেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। এই তদন্ত কার্যক্রমে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের সব পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, এ বিষয়ে তথ্য ও সহযোগিতার জন্য দেশের সব রাজনৈতিক দলকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
পাশাপাশি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং সাজেদুল ইসলাম সুমনের গুম হওয়ার ঘটনার তদন্ত দ্রুত শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর।
