চীনের নভোযানে করে এই প্রথম মহাকাশে পাকিস্তানি নভোচারী

চীনের নভোযানে করে এই প্রথম মহাকাশে পাকিস্তানি নভোচারী

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নভোচারীকে নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছে চীনের শেনঝু-২৪ মহাকাশযান। বুধবার সকালে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। তিন সদস্যের এই ক্রু দলে রয়েছেন ৪০ বছর বয়সী পাকিস্তানি পেলোড স্পেশালিস্ট মোহাম্মদ জিশান আলী। এর মাধ্যমে তিনি মহাকাশের কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি এবং চীনের মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নাগরিক হতে যাচ্ছেন। এ খবর দিয়েছে রয়টার্স।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, মহাকাশযানটি সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে এবং ক্রু সদস্যরা সুস্থ আছেন। জিশান আলীর সাথে এই অভিযানে রয়েছেন চীনের অভিজ্ঞ নভোচারী ও মিশন কমান্ডার তাং হংবো (৫১) এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই (৩৯)। তাং ও উ মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করবেন। তবে পাকিস্তান বিমানবাহিনীর পাইলট জিশান আলী সেখানে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করবেন। এ সময়ে তিনি চারটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এরপর আগের মিশনের দুই চীনা নভোচারীর সাথে তিনি পৃথিবীতে ফিরে আসবেন।

পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো জানায়, জিশান আলী মহাকাশযানে বিকিরণ প্রতিরোধ, স্বয়ংক্রিয়ভাবে মেরামতযোগ্য কার্বন ফাইবার, মহাকাশে কুইনোয়া বীজের প্রতিক্রিয়া এবং পৃথিবীর বাইরে অক্সিজেন ও খাদ্য উৎপাদনে শৈবালের ব্যবহার নিয়ে গবেষণা করবেন। এই অভিযানের জন্য বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নেয়া জিশান আলী মঙ্গলবার সাংবাদিকদের জানান, তিনি নিজের জন্য নয়, বরং পাকিস্তানের নাম এবং দেশের ২৫ কোটি মানুষের স্বপ্ন কাঁধে নিয়ে মহাকাশে যাচ্ছেন।

এবারের অভিযানে মহাকাশচারীদের অবস্থানকালেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গত মে মাস থেকে মহাকাশ স্টেশনে থাকা শেনঝু-২৩-এর কমান্ডার ঝু ইয়াংঝু আরও ছয় মাস সেখানে অবস্থান করবেন। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে দীর্ঘ সময় মহাকাশে থাকার শারীরিক প্রভাব পর্যবেক্ষণের জন্যই তার এই এক বছরের মিশন। চীন ও পাকিস্তানের মধ্যকার বৃহত্তর মহাকাশ সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, মহাকাশ গবেষণা জাতীয় সীমানার ঊর্ধ্বে এবং এই অভিযান চীনের মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বাড়াবে।