ইয়েমেনের হুদায়দা বন্দর ও উত্তরাঞ্চলে সৌদি জোটের হামলা

ইয়েমেনের হুদায়দা বন্দর ও উত্তরাঞ্চলে সৌদি জোটের হামলা

ফন্ট সাইজ:

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হুদায়দা বন্দর ও দেশটির উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়, তাদের বাহিনী হুদায়দা বন্দরের হুতিদের ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলীয় সাদা ও আমরান প্রদেশেও বেশ কয়েকটি টার্গেট ধ্বংস করা হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলার বিষয়টি নিশ্চিত করে। এর কয়েক ঘণ্টা আগেই বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল জোটটি।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত হুদায়দা বন্দর ইয়েমেনের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির আমদানিকৃত পণ্যের ৯০ শতাংশের বেশি এই বন্দর দিয়ে প্রবেশ করে।

এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বন্দরটির অবকাঠামোতে সৌদি জোটের হামলার পক্ষে বক্তব্য দিয়েছিলো। তাদের অভিযোগ, হুতিরা এই বন্দর ব্যবহার করে ইরান থেকে চোরাচালান করা অস্ত্র গ্রহণ করছে এবং সেখান থেকে সামরিক অভিযান পরিচালনা করছে।

তারা আরো অভিযোগ জানায়, ইরানের সেনাবাহিনীর জেনারেল স্টাফের সাথে যুক্ত ব্যক্তিরা হুদায়দার বিভিন্ন স্থাপনা থেকে কার্যক্রম পরিচালনা করছেন এবং অস্ত্র পাচার ও ক্ষেপণাস্ত্র-ড্রোন তৈরির উপকরণ সরবরাহ তদারকি করছেন। বন্দরটিকে সামরিক ঘাঁটিতে পরিণত করার জন্য হুতিদের দায়ী করে সরকার সতর্ক করে জানায়, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য হুমকি সৃষ্টি করছে।