নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে গাজীপুরে অনেক পোশাকশ্রমিক দলে দলে তাদের কর্মস্থলে যোগ দিচ্ছেন। নতুন উদ্যোমে কাজ শুরু করছেন। আবার নতুন মজুরি কাঠামো মেনে না নেওয়ার প্রেক্ষিতে অনেক কারখানায় ছুটি দেয়া হয়েছে। বুধবার সকালে বিভিন্ন কারখানায় এমন চিত্র দেখা গেছে।
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই সিদ্ধান্ত নেয়। তবে নতুন এই মজুরি কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে মতভেদ দেখা গেছে।
নতুন মজুরি কাঠামো মেনে নেয়া শ্রমিকেরা বলছেন, মজুরি বাড়ানোর সিদ্ধান্তে তারা খুশি। তারা আর আন্দোলন সংগ্রাম চান না, নিরাপদ পরিবেশে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরে যেতে চান।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কর্মকর্তারা বলছেন, মালিকপক্ষের নির্দেশনায় নতুন মজুরি কাঠামো ঘোষণার নোটিশ টানিয়ে দিয়েছেন তারা। ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করা হবে।
এদিকে নগরীর নাওজোর ও ইটাহাটা এলাকাসহ আশপাশের অনেক কারখানার শ্রমিকেরা নতুন এ মজুরি কাঠামো মেনে নিতে পারছেন না। আবার মালিক পক্ষ থেকেও তারা এখনো সুস্পষ্ট ঘোষণা পায়ননি। এমন পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ওই সব এলাকার অন্তত ১০টি কারখানায় ছুটি দেয়া হয়েছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, এসআরবি ও পুলিশসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। একসঙ্গে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
