‘যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহি করে না কানাডা’

‘যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহি করে না কানাডা’

ফন্ট সাইজ:

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি বলেছেন, কানাডা একটি সার্বভৌম রাষ্ট্র এবং দেশটি যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহি করে না। কানাডার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কঠোর সমালোচনামূলক নথির জবাবে তিনি এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

মঙ্গলবার প্রকাশিত ওই নথিতে পেন্টাগন অভিযোগ করে, কানাডা এখনো প্রতিরক্ষা ব্যয়ের প্রতিশ্রুতি পূরণে প্রয়োজনীয় কঠোর সিদ্ধান্ত নিতে পারেনি। জি-৭ এর বড় অর্থনীতি ও ন্যাটোর অন্যতম ধনী সদস্য হওয়া সত্ত্বেও ২০০৬ সালে দেয়া প্রতিরক্ষা ব্যয়ের প্রতিশ্রুতি পূরণ করতে কানাডার প্রায় দুই দশক সময় লেগেছে বলে এতে উল্লেখ করা হয়। নথিতে আরও বলা হয়, কানাডার স্থল, নৌ ও বিমান বাহিনীর কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং রাজনৈতিক নেতারা সামরিক সক্ষমতার চেয়ে সংকীর্ণ বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কানাডার সামরিক বাহিনী আধুনিকায়নের বিষয়ে বিশেষ নজর দিচ্ছেন উল্লেখ করে বলা হয়, কয়েক দশক ধরে মার্কিন করদাতারাই কানাডার প্রতিরক্ষার ব্যয়ভার বহন করে আসছেন।

পেন্টাগনের এমন সমালোচনার জবাবে ডেভিড ম্যাকগুইন্টি সাংবাদিকদের জানান, ঠিক এই মুহূর্তে পেন্টাগন কেন এমন সমালোচনা করছে তা তার বোধগম্য নয়। তিনি জানান, নোরাড, ন্যাটো, সামরিক সহযোগিতা এবং সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে কানাডার কাজের কোনো পরিবর্তন হয়নি। কানাডার ব্যয় পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্ষুব্ধ হয়ে তিনি জানান, কানাডা একটি সার্বভৌম দেশ এবং তারা সরাসরি জানাচ্ছেন যে তারা যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহি করেন না।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রস্তাবিত নতুন ‘ডিফেন্স, সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স ব্যাংক’ গঠনের প্রচারণায় দেশটির প্রধান আলোচক ইসাবেল হুদনের ইউরোপ সফরের সময়েই পেন্টাগনের এই নথি প্রকাশ পেল। এখন পর্যন্ত ১০টি দেশ এই ব্যাংকে সমর্থন দিলেও বৃটেন ও জার্মানিসহ জি-৭ এর অন্য কোনো দেশ এখনো এতে যোগ দেয়নি। হুদন জানান, ব্যাংকটি শুরু করার জন্য এখন পর্যন্ত ৪০০ কোটি ইউরোর প্রতিশ্রুতি পাওয়া গেছে, তবে তার লক্ষ্য ১০ হাজার কোটি ইউরো।

প্রধানমন্ত্রী কার্নি ইতিমধ্যেই প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৫ সালে কানাডা জাতীয় প্রতিরক্ষায় ৬ হাজার ৩৪০ কোটি ডলার (প্রায় ৭ লাখ ৮৬ হাজার কোটি টাকা) ব্যয় করে প্রথমবারের মতো জিডিপির ২ শতাংশ ব্যয়ের ন্যাটো লক্ষ্যমাত্রা পূরণ করেছে। চলতি মাসের বাজেটে এই দশকের শেষে প্রতিরক্ষা ও নিরাপত্তায় জিডিপির ৪ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে। তবে ওয়াশিংটনের সাথে কানাডার মূল টানাপোড়েন চলছে বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়ে। মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে কার্নি সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি; বরং এর বদলে সুইডেনের তৈরি গ্রিপেন যুদ্ধবিমান কেনার বিষয়টি বিবেচনা করছে। পেন্টাগনের নথিতে সতর্ক করা হয়েছে, মিশ্র বহরের যুদ্ধবিমান পরিচালনা করলে কানাডার বিদ্যমান জনবল সংকট আরও তীব্র হবে।