ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলীয় প্রীত বিহারের একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করেছে তারই সহকর্মীরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আরও তিন অভিযুক্ত পলাতক রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নির্যাতিত তরুণী যে ক্যাফেতে কাজ করেন, অভিযুক্তরাও সেখানে কর্মরত। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে সহকর্মীদের সঙ্গে প্রীত বিহারের সালতানাত ক্যাফেতে একটি পার্টিতে যোগ দেন ওই তরুণী। রাত সাড়ে ১১টায় ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার পরও সেখানে পানাহার ও নাচগান চলতে থাকে।
দলের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় তারা ভেতরেই অবস্থান করেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তারা ক্যাফে থেকে বের হন। তরুণীর অভিযোগ, পার্টি চলাকালে দুই সহকর্মী তাকে ধর্ষণ করে। এ সময় দলের অন্য সদস্যরা তাদের সহায়তা করে। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
