গোপালগঞ্জে সবকিছু স্বাভাবিক, বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

গোপালগঞ্জে সবকিছু স্বাভাবিক, বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

ফন্ট সাইজ:

কয়েক দিনের উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে গোপালগঞ্জ। দোকানপাট, মার্কেট, অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে নিয়মিত কার্যক্রম। সড়কে বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের উপস্থিতি। তবে জনজীবন স্বাভাবিক হলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও টহল বেড়েছে। মঙ্গলবার সকালে সরজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শহরের লঞ্চঘাট, ডিসি রোড, পুলিশ লাইনস, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও বিভিন্ন মার্কেট এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে নিয়মিত কার্যক্রম। ব্যাংকগুলোতেও স্বাভাবিক হয়েছে লেনদেন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ফিরেছে ক্রেতাদের উপস্থিতি।

তবে রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি কাটেনি। গতকাল সোমবার কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার স্টেডিয়াম মার্কেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে সোমবার সকালে জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে ৪০ থেকে ৫০ জন যুবককে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়। প্রায় ১০টি অটোরিকশা ও মিশুকে করে তারা সেখানে আসেন। স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন এলাকা থেকে যুবকদের জেলা সদরে আসার তৎপরতা বেড়েছে।

এদিকে ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি কার্যালয় ও আদালত প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।