তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হয়েও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি কারখানা।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ায় ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তারমধ্যে রয়েছে—গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লি., স্টারলিং ক্রিয়েশন লি., বান্দো ডিজাইন লি. ও নিউএইজ গ্রুপ। মৌখিকভাবে বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ কর্পোরেশন লি. ও আজমত গ্রুপ। এছাড়া ১০টি কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবরিতি পালন করছে এমন কারখানার মধ্যে রয়েছে, ফান ফ্যাক্টরি লি., ডং লিয়ান ফ্যাশন (বিডি) লি., ফ্যাশন ফোরাম লি. (আইডিএস গ্রুপ), ই এস কে ই ক্লোথিং লি., ট্রাউজার লাইন লি., কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লি., শারমিন গ্রুপ, অনন্ত গার্মেন্টস লি., অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস লি.।
অন্যদিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ১৩(১) ধারা মোতাবেক বন্ধ রয়েছে ২০টি কারখানা। এর মধ্যে রয়েছে সুসুকা নীট লি., ক্রিস্টাল কম্পোজিট লি., আউটলেট স্টিচ লি., সাবিহা অ্যাপারেলস, নীট এশিয়া লি., মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., জিম্যাক্স ক্লোথিং লি., টপ টেক্স সোয়েটার লি., ফুটস্টেপস বাংলাদেশ লি., এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মন্ডল নীটওয়্যার লি., আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লি., হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন এ্যাপারেলস লি., হংকুন লেদার কোম্পানি লি., ভার্চুয়াল বটমস লি., প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (গার্মেন্টস ডিভিশন) ও ইয়াগী বাংলাদেশ লি.।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কয়েকটি কারখানায় শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মৌখিকভাবে বন্ধ দু’টি কারখানা এবং ১০টিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নীট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে।’
