ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ট্রাকচালক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিরাজদিখান থানাধীন কেইয়ান ইউনিয়নের চর কুন্দলিয়া এলাকায় দুই ব্রিজের মাঝামাঝি মাওয়ামুখী বাইপাস লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো ট-১৩-৭৩৬৫ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকা থ-১৪-১৩৫৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজি’র এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক জনি (৪০)কে আটক করে গণধোলাই দিলে তিনি আহত হন। পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহালসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করে। এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহামুদুল হক বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাকচাপায় সিএনজি যাত্রী নিহত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
