যশোরের অভয়নগরে সাংবাদিক পরিচয়ে এক বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কামাল খাঁ (৪৫) ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নওয়াপাড়া পৌর বিএনপি’র ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি পিয়ার আলী শেখ অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামে পিয়ার আলী শেখের বাড়িতে অভিযুক্ত কামাল খাঁ ও তার দুই অজ্ঞাত সহযোগী প্রবেশ করেন। এ সময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ঘরের বিভিন্ন অংশে তল্লাশি চালান। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ রয়েছে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে পিয়ার আলী শেখ বাড়িতে এসে এ ধরনের তল্লাশির কারণ জানতে চাইলে অভিযুক্তরা বাড়িতে অবৈধ স্লাব রাখা আছে বলে অভিযোগ তুলে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পিয়ার জানান, দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করে লাশ গুম ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দিয়ে তারা চলে যায়। পরবর্তীতে গত সোমবার সন্ধ্যায় কামাল খাঁ তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘সাংবাদিক কামাল’ থেকে পিয়ার আলীর ছবি ব্যবহার করে একটি মিথ্যা ও বানোয়াট পোস্ট করেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত কামাল খাঁ অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদা চাওয়ার কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন- বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক পরিচয়ে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
