একসময় দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ছিল ঢাকার জাতীয় স্টেডিয়াম। ফুটবল, ক্রিকেটসহ নানা খেলায় গ্যালারি মাতানো দর্শক আর ক্রীড়াবিদদের পদচারণায় মুখর থাকতো এই মাঠ। সময়ের সঙ্গে সেই চেনা পরিবেশ অনেকটাই হারিয়েছে। মাদক, ছিনতাই, অবৈধ দখল, ফুটপাথ দখল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ স্টেডিয়াম এলাকার পরিবেশ ও ব্যবস্থাপনা। এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দেশের ক্রীড়া ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচিহ্ন দিয়ে নতুন করে সাজানো হবে সরকারি এই স্থাপনাটি।
শুধু অবকাঠামোগত সংস্কার নয়, জাতীয় স্টেডিয়ামকে দেশের ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবেও গড়ে তুলতে চায় মন্ত্রণালয়। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে স্বাধীন বাংলা ফুটবল দলের মুক্তিযুদ্ধকালীন অবদান, বাংলাদেশের ক্রিকেটের আইসিসি ট্রফি জয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়াবিদদের গৌরবোজ্জ্বল অর্জন তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা কিংবদন্তি খেলোয়াড়দের স্মৃতিও সংরক্ষণ করা হবে। গতকাল সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সচেতনতামূলক সভায় এসব পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে স্টেডিয়াম এলাকার পরিবেশ উন্নয়নে নতুন কার্যক্রমের সূচনা করেন তিনি।
দীর্ঘদিনের অব্যবস্থাপনার কথা স্বীকার করে প্রতিমন্ত্রী স্টেডিয়াম এলাকার ফুটপাত দখল, অবৈধ দোকান, মাদক, ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান। নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে আরও তৎপর, পেশাদার ও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা কারও কাছ থেকে অনৈতিক সুবিধা নেয়ার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে তার। নিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন আমিনুল হক। একই সঙ্গে স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কারের পরিকল্পনার কথাও জানান তিনি। নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। জাতীয় স্টেডিয়াম শুধু খেলা আয়োজনের ভেন্যু নয়, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অসংখ্য স্মরণীয় ঘটনার সাক্ষী। স্বাধীনতার পর দেশের ফুটবল ও ক্রিকেটের বিকাশ, আন্তর্জাতিক ম্যাচ এবং ক্রীড়াবিদদের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে এই মাঠের ইতিহাস।
অথচ দীর্ঘদিন ধরে স্টেডিয়াম এলাকার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে ক্রীড়াঙ্গনের মানুষের অসন্তোষ ছিল। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে স্টেডিয়ামে প্রবেশ করেই দর্শক ও নতুন প্রজন্মের খেলোয়াড়েরা দেশের ক্রীড়া ইতিহাস ও অর্জন সম্পর্কে জানার সুযোগ পাবেন। তবে ক্রীড়াঙ্গনের মানুষের প্রত্যাশা, এই পরিকল্পনা যেন কেবল ঘোষণা কিংবা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে নিয়মিত তদারকি, কার্যকর নজরদারি ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। নিরাপত্তা, অবকাঠামোগত সংস্কার ও ঐতিহ্য সংরক্ষণের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জাতীয় স্টেডিয়াম ফিরে পেতে পারে তার হারানো মর্যাদা।
দেশের প্রধান ক্রীড়া ভেন্যুটি তখন শুধু খেলার মাঠ নয়, বাংলাদেশের ক্রীড়া গৌরব ও ইতিহাসের স্মৃতিবিজড়িত এক গুরুত্বপূর্ণ ঠিকানাও হয়ে উঠবে।
