রাজপথে ফিরেছে মানুষের চলাচল, খুলেছে দোকানপাট, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান। বাইরে থেকে দেখলে স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে চলছে ভিন্ন এক রাজনৈতিক তৎপরতা। ১৯শে নভেম্বরের সহিংসতার ক্ষত এখনো বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে দৃশ্যমান। এর মধ্যেই প্রকাশ্যে মিছিল, পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণায় সক্রিয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, আগামী ২৯ ও ৩০শে নভেম্বরের কর্মসূচি এবং রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা তৎপরতা বাড়লেও পুলিশের মাঠপর্যায়ের ভূমিকা, মামলা-গ্রেপ্তারের অগ্রগতি এবং সদস্যদের বদলি আতঙ্ক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
গতকাল সরজমিন জেলা শহরের লঞ্চঘাট, হাসপাতাল রোড, ডিসি রোড, চৌরঙ্গী, পুলিশ লাইন্স, লতিফপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাট, মার্কেট, ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম চলছে। ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কেও যানবাহন চলাচল করছে। তবে এর মধ্যেই সোমবার সকাল থেকেই কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে বের হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ থেকে ৭টি মিছিল সরজমিন দেখা গেছে লঞ্চঘাট এলাকায়। এরপর বটতলা গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা।
হাসপাতাল রোড এলাকা থেকে কয়েকশ’ নেতাকর্মী মিছিল বের করেন। নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ের দিকে যায়। এর আগে সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনেও ৪০ থেকে ৫০ জন যুবককে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা ও মিশুকে করে তারা সেখানে আসেন। মিছিলকে কেন্দ্র করে শহরে নতুন করে উত্তেজনা ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত ১৯শে নভেম্বরের সহিংসতার ক্ষত এখনো স্পষ্ট দেয়ালে দেয়ালে ও স্থাপনায়। বিশেষ করে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। কোথাও টিনের বেড়া কেটে ফেলা হয়েছে, কোথাও দেশীয় অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত স্থাপনা। এদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কার্যালয়গুলো খুলতে এবং সেখানে আবার বসার পরিবেশ তৈরির চেষ্টা করতে দেখা গেছে। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, ঘোনাপাড়া, লতিফপুর, কাশিয়ানী, মুকসুদপুর ও সদরসহ বিভিন্ন এলাকায় তাদের এমন তৎপরতার খবর পাওয়া গেছে। তবে অন্য রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে এখনো উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।
জেলা শহরের লঞ্চঘাট এলাকাটি রাজনৈতিক তৎপরতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন সময় জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হন। ১৯শে নভেম্বরের ‘লকডাউন’ ঘিরেও এই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আশপাশের বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে লোকজন এসে জড়ো হন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তারা। কেন্দ্রীয় নেতা শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনায় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার বিষয়েও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। নেতাকর্মীদের ভাষ্য, সরকারি স্থাপনায় হামলা বা অগ্নিসংযোগের মতো ঘটনা তারা আর দেখতে চান না। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের। আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ‘লকডাউন’ ঘিরে তৎপরতা আরও বাড়ছে।
রাজপথের তৎপরতার পাশাপাশি ফেসবুকের বিভিন্ন স্থানীয় গ্রুপ, পেজ ও আইডিতে নেতাকর্মীদের লাইভ, মাইকিংয়ের ভিডিও, মিছিলের ছবি ও বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে। রোববার মধ্যরাতে কাঠিবাজারসহ কয়েকটি এলাকায় মাইকিং করে গণগ্রেপ্তার ও হয়রানির অভিযোগ ছড়ানোর পর অনেকে আতঙ্কিত হয়ে এলাকা ছেড়ে যান। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান ও হত্যাযজ্ঞের যে প্রচার চালানো হচ্ছে, তা ভিত্তিহীন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টহল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করছে। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করেছেন তারা।
জামালপুর থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক আদিত রহমান বলেন, আতঙ্ক নিয়ে আসতে হচ্ছে আমাদের। কোম্পানির চাকরি করি। মালামাল পাঠাচ্ছেন। আসতে হবেই। তবে সবকিছু স্বাভাবিক। রাস্তায় কোনো সমস্যা হচ্ছে না।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম মানবজমিনকে বলেন, আমাদের থানায় এখন পর্যন্ত নাশকতার কোনো মামলা হয়নি। কোনো গ্রেপ্তারও নেই। জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান মানবজমিনকে বলেন, হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্র বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু।
