শান্ত-নিবাসের এতিম শিশুদের আনন্দ দিতে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন, নাসির হোসাইন, শফিউল ইসলামসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে শুধু ক্রিকেট নয়, শিশুদের জন্য ছিল উপহার ও আনন্দঘন সময় কাটানোর সুযোগ। জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলামের নেতৃত্বে ক্রিকেটারদের দলে ছিলেন বিপিএল খেলোয়াড় মেহেদী রানা, সাবেক জাতীয় ক্রিকেটার মার্শাল আয়ুব ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা আব্দুল হালিম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। ১২ ওভারের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মার্শাল আয়ুবের ঝোড়ো ব্যাটিংয়ে ১৪৮ রানের লক্ষ্য দেয় সাবেক ক্রিকেটারদের দল। জবাবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দল অধিনায়ক পারভেজ ও ওপেনার শুভর ব্যাটিংয়ে ভালো শুরু পায়। শেষদিকে আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. রিয়ার হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নেয় আইন বিভাগ।
ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বেহযাদ নূর। এ সময় আইন বিভাগের প্রধান ও অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নূরল হককে খেলোয়াড়দের স্বাক্ষর করা টুপি উপহার দেন নাসির, রুবেল, মার্শাল ও শফিউল। আইন বিভাগকে দেওয়া হয় শফিউলের জাতীয় দলের জার্সি ও খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি ব্যাট।
