বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বও সামলাচ্ছেন। সম্প্রতি জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেট অপস সামলানো ছাড়াও সভাপতি হিসেবে তামিমের কাজের ব্যাপ্তি ও চাপ কম নয়। তাই এরই মধ্যে বিসিবিতে আলোচনা চলছে, তার চাপ কমাতে এই দায়িত্ব অন্য কোনো পরিচালকের হাতে তুলে দেয়া হতে পারে। এ নিয়ে চলছে গুঞ্জন। দু’টি নাম শোনা যাচ্ছে- বিসিবি সহ-সভাপতি ফাহিম সিনহা এবং পরিচালক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। নানা সূত্রে জানা গেছে, এই পদের দৌড়ে ফাহিম সিনহাই এগিয়ে। তবে তিনি নিজে বিষয়টি স্বীকার করতে রাজি হননি।
তিনি জানিয়েছেন, গেম ডেভেলপমেন্টের দায়িত্বেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এই চ্যালেঞ্জ নেবেন কি না, তা নিয়ে ফাহিম বলেন, ‘আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এই সংবাদটি সত্য নয়। তবে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নেয়ার প্রস্তাব পেয়েছি, এটাও সত্য। এটি (ক্রিকেট অপস) অনেক বেশি চ্যালেঞ্জিং একটি জায়গা, তাই আমি ওভাবে চিন্তা করছি না। আমার আগ্রহের জায়গা হলো গেম ডেভেলপমেন্ট (জিডি), এবং আমি গেম ডেভেলপমেন্ট ছাড়তেও চাই না। দুটি বিভাগ তো একসাথে সামলানো সম্ভব নয়। গেম ডেভেলপমেন্টে অনেক পরিকল্পনার প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। যেমন- অ্যানালাইসিস সেন্টার তৈরি, বায়োমেকানিক্সের ব্যবহারিক প্রয়োগের জন্য আগের মতো বিদেশি প্রশিক্ষক নিয়ে আসা। যেহেতু এই কাজগুলো আমি শুরু করেছি, তাই মন থেকে এই বিভাগটি ছাড়তে পারছি না। তবে আমি ক্রিকেট অপসের দায়িত্ব নিতে প্রস্তাব পেয়েছি, এটাও সত্য।’
প্রশ্ন উঠছে ফাহিম সিনহা কোনো ক্রিকেটার নন, তিনি ক্রিকেট সংগঠক। তাই ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে একজন সাবেক ক্রিকেটারকেই রাখার পক্ষে বোর্ডের অনেকে। যে কারণে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর নামও শোনা যাচ্ছে। যদিও তিনি জানিয়েছেন, এ নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। প্রস্তাব পেলে কী করবেন তাও এখন জানাতে রাজি নন সাবেক এই প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘আসলে এটি আমিও শুনেছি, না এখনো কোনো প্রস্তাব পাইনি। যদি পাই ভাবব কি না তা জানি না। বর্তমানে আমি দেশের বাইরে আছি, যদিও এমন কোনো কিছু শুনিনি।’ এ পর্যন্ত সাতজন ব্যক্তি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদের চারজন সাবেক ক্রিকেটার এবং তিনজন ক্রিকেট সংগঠক। সাবেক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় এবং তামিম ইকবাল। অন্যদিকে সংগঠকদের মধ্যে দায়িত্ব সামলেছেন এনায়েত হোসেন সিরাজ, জালাল ইউনুস এবং নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়া খালেদ মাহমুদ সুজন এই বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। জালাল ইউনুস একজন সাবেক ক্রিকেটারও ছিলেন, তবে তার সংগঠক পরিচয়টাই বড় ছিল। তাই এই পদে শুধু ক্রিকেটারই আসবেন এমনটাও নয়।
ফাহিম সিনহা প্রায় পাঁচ বছর ধরে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সবশেষ বিসিবির নির্বাচনে পুনরায় পরিচালক নির্বাচিত হয়ে সহসভাপতির দায়িত্ব পান। পরিচালক হিসেবে পথচলায় ফাহিম সিনহা বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি, বিপিএল গভর্নিং কাউন্সিল, ফাইন্যান্স কমিটি, লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। তবে ক্রিকেট অপস নিয়ে ফাহিম সিনহা বলেন, ‘একটা আলোচনা হয়েছ্তেএটা সত্য কথা। একেবারে যে কোনো আলোচনা হয়নি তা নয়। যেহেতু বোর্ড সভাপতি সরাসরি ক্রিকেট অপারেশনস দেখতে গিয়ে কিছুটা জটিলতার (কমপ্লিকেশন) মুখোমুখি হচ্ছেন, সে কারণেই একটি আলোচনা হয়েছে। দেখা যাক বোর্ড কী সিদ্ধান্ত নেয়।’ জানা গেছে, ক্রিকেট অপারেশনসের দায়িত্বে পরিবর্তন এলে অন্য বিভাগেও পরিবর্তন আসবে।
