রেফারির সঙ্গে অসদাচরণ, মাঠে উত্তেজনা কিংবা শৃঙ্খলাভঙ্গ- বাংলাদেশের ফুটবলে এসব ঘটনা নতুন নয়। কিন্তু বারবার শাস্তির মুখে পড়েও খেলোয়াড়দের আচরণে পরিবর্তন না আসা এবং শাস্তির তথ্য খেলোয়াড়ের কাছে যথাসময়ে না পৌঁছানো, দুটোই প্রশ্ন তুলছে ফুটবল ফেডারেশনের দায়িত্বশীলতা নিয়ে। এবার এএফসির শাস্তির মুখে পড়েছেন অনূর্ধ্ব-১৭ দলের মিডফিল্ডার মো. আরিফ। আচরণবিধি ভাঙার দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৩৫০ ডলার জরিমানাও গুনতে হবে তাকে। অথচ এই শাস্তির বিষয়টি প্রকাশ্যে জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিনের বেলায়ও ঘটেছিল একই ঘটনা।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বে সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৭১ মিনিটে লাল কার্ড দেখেন আরিফ। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করার পর রেফারির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি। ম্যাচ কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতে এএফসি ডিসিপ্লিনারি কমিটি আরিফকে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৩৫০ ডলার জরিমানার সিদ্ধান্ত নেয়। এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে তাকে। শাস্তির কারণে বাছাইপর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি এই মিডফিল্ডার। শাস্তির খবরটি বাফুফের পক্ষ থেকে জানানো হয়নি খেলোয়াড়কে। এসব তথ্য প্রকাশ্যে না আসায় ফেডারেশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। খেলোয়াড়দের শৃঙ্খলা রক্ষায় যেমন দায়িত্ব রয়েছে, তেমনি আন্তর্জাতিক সংস্থার শাস্তি, আপিল কিংবা সংশ্লিষ্ট সিদ্ধান্ত খেলোয়াড়দের জানানোও ফেডারেশনের দায়িত্ব। অথচ জাতীয় দলের খেলোয়াড়দের ক্ষেত্রেও এ ধরনের তথ্যের ঘাটতি দেখা যাচ্ছে। এর বড় উদাহরণ জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিন।
মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের ঘটনায় রেফারির সঙ্গে তর্ক ও ধাক্কাধাক্কির কারণে তাকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। শাস্তির পর বাংলাদেশ ইতোমধ্যে ছয় ম্যাচ খেলেছে। বাকি আছে আরও নয় ম্যাচ। ফলে ২০২৭ সালেও বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনা নেই এই ফরোয়ার্ডের। আরও বিস্ময়কর, ফিফার এই শাস্তির খবর আল আমিন জানতে পেরেছিলেন সংবাদমাধ্যমের মাধ্যমে, ফেডারেশনের কাছ থেকে নয়। বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি নির্বাহী কমিটির সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে আল আমিনের শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আপিলের অগ্রগতি সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা নেই খেলোয়াড়টির।
আল আমিন বলেন, ‘ফিফা আমাকে এত বড় শাস্তি দিয়েছিল, সেটা ফেডারেশনের আগে আপনাদের মাধ্যমে জেনেছি। ফেডারেশন বলছে আমার জন্য আপিল করছে, আপিলের চিঠি চাইলেও আমাকে দেয়নি। এমনকি আপিলের অবস্থাও আমাকে এখনও জানায়নি। আমি ফেডারেশনের সঙ্গে আবার যোগাযোগ করবো।’ আরিফের তিন ম্যাচ নিষেধাজ্ঞা কিংবা আল আমিনের ১৫ ম্যাচের শাস্তি- দুটিই খেলোয়াড়দের শৃঙ্খলার গুরুত্ব মনে করিয়ে দেয়। তবে শাস্তি এড়ানোর শিক্ষা শুধু খেলোয়াড়দের জন্য নয়, ফেডারেশনের দায়িত্বশীলতার ক্ষেত্রেও প্রযোজ্য। মাঠে শৃঙ্খলা যেমন জরুরি, মাঠের বাইরে তথ্যপ্রবাহ, যোগাযোগ ও জবাবদিহিও তেমনই গুরুত্বপূর্ণ।
