উন্নত লীগের খোঁজে বাংলাদেশ ছাড়ছেন শুকি

উন্নত লীগের খোঁজে বাংলাদেশ ছাড়ছেন শুকি

ফন্ট সাইজ:

বাংলাদেশের ফুটবল লীগে পথচলা দীর্ঘ করতে চান না জাপানি বংশোদ্ভূত ফর্টিস এফসির ফুটবলার শুকি ইতোফুসা। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উন্নত লীগে খেলার স্বপ্ন নিয়ে এবার বাংলাদেশ ছাড়তে চান ২২ বছর বয়সী এই উইঙ্গার। তার পছন্দের তালিকায় রয়েছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার লীগ। নতুন চ্যালেঞ্জের সন্ধানে ডিসেম্বর থেকে ফর্টিসের সঙ্গে চুক্তি শেষ করার আগ্রহ জানিয়ে ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন তিনি। দুই দিন আগে শুকির আবেদন পেয়েছে ফর্টিস এফসি। বিষয়টি পর্যালোচনা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে ক্লাব। তবে খেলোয়াড়ের ভবিষ্যৎ বিবেচনায় তার আবেদনে ইতিবাচক সাড়া দেয়ার ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘শুকি আরও উন্নত লীগে খেলতে চেয়ে অব্যাহতি চেয়েছে। আমরা খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে তা মেনে নিচ্ছি। ডিসেম্বর থেকে তার সঙ্গে চুক্তি ছিন্ন হতে পারে।’ জাপানে জন্ম ও বেড়ে ওঠা শুকির বাবা আতাউর রহমান বাংলাদেশের নারায়ণগঞ্জের মানুষ, মা জাপানি। জাপানের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে ২০২৬ সালে বাংলাদেশের ফুটবলে নাম লেখান তিনি। এর আগে খেলেছেন টোকিও ২৩ এফসি ও ব্রিউ সাগায়। বছরের শুরুতে লাওসের শীর্ষ লীগের ক্লাব সাভান্নাখেত জিলোসেও যোগ দিয়েছিলেন। যদিও সেখানে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

বাংলাদেশে আসার পেছনে শুকির অন্যতম লক্ষ্য ছিল জাতীয় দলের জার্সিতে খেলা। সেই স্বপ্ন পূরণও হয়েছে তার। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপে বদলি হিসেবে মাঠে নেমে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এই ফুটবলারের। এরপর জাতীয় দলের আক্রমণভাগে নিজের সামর্থ্য দেখানোর সুযোগও পেয়েছেন তিনি। জাতীয় দলের পাশাপাশি ফর্টিস এফসির হয়ে এএফসি চ্যালেঞ্জ লীগেও খেলেছেন শুকি। দুই উইংয়ে সমান দক্ষতায় খেলতে পারা এই ফুটবলারের মূল শক্তি গতি, ড্রিবলিং ও ক্রসিং। নিজেকে আরও পরিণত ও দক্ষ করে তুলতে এবার দেশের বাইরে উন্নত প্রতিযোগিতায় খেলার পথ বেছে নিতে চান তিনি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই ফর্টিসের সঙ্গে সম্পর্কের ইতি ঘটবে শুকির।