ভারত সফরে ৩৬ অ্যাথলেটের বিপরীতে ২০ কর্মকর্তা!

ফন্ট সাইজ:

প্রতিযোগিতায় অংশ নেবেন ৩৬ অ্যাথলেট। অথচ তাদের সঙ্গে ভারত সফরে যাচ্ছেন কোচ ও কর্মকর্তা মিলিয়ে ২০ জন। খেলোয়াড়ের প্রায় ৫৬ শতাংশই বাড়তি বহর! এর মধ্যে পাঁচজন পর্যবেক্ষক। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এমন বিশাল বহর কেন, পর্যবেক্ষকদের কাজই বা কী- বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে এসব প্রশ্নের স্পষ্ট জবাব নেই। আয়োজকেরা সব খরচ বহন করছে বলেই কি প্রয়োজনের অতিরিক্ত লোক পাঠানোর সুযোগ নিতে হবে?

আগামী ২৩ থেকে ২৮শে নভেম্বর ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট’। এতে বাংলাদেশসহ সাত দেশের অ্যাথলেটরা অংশ নেবেন। বাংলাদেশ দলে ৩৬ অ্যাথলেটের সঙ্গে ভারত যাচ্ছেন আট কোচ, সাত অফিসিয়াল ও পাঁচ পর্যবেক্ষক। অর্থাৎ প্রতি দুইজন অ্যাথলেটের বিপরীতে থাকছেন একজনের বেশি কর্মকর্তা, কোচ কিংবা পর্যবেক্ষক। সবচেয়ে বেশি প্রশ্ন পাঁচ পর্যবেক্ষককে ঘিরে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নই যেখানে প্রধান বিষয়, সেখানে আলাদা করে পাঁচ পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজনীয়তা কী? ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমাদের কোনো খরচ লাগছে না। যাতায়াত, থাকা-খাওয়াসহ সব খরচ দেবে আয়োজকেরা। তাই আমরা অ্যাথলেটদের সঙ্গে প্রয়োজনীয় কোচ, অফিসিয়াল ও পর্যবেক্ষক পাঠাচ্ছি।’

আয়োজকেরা খরচ দিচ্ছে- এটি অবশ্য বহরের যৌক্তিকতার প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ হতে পারে না। বিনা খরচে সফরের সুযোগ পেলেই কি প্রয়োজনীয়তা যাচাই না করে কর্মকর্তাদের তালিকা বড় করতে হবে? অ্যাথলেটদের প্রস্তুতি ও পারফরম্যান্সের চেয়ে সফরসঙ্গীর সংখ্যা বড় হয়ে উঠলে তা দেশের অ্যাথলেটিকসের জন্য ইতিবাচক বার্তা দেয় না। ফেডারেশনের সাধারণ সম্পাদক অবশ্য এই প্রতিযোগিতাকে আগামী দক্ষিণ এশীয় গেমসের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। তার আশা, এই দলের ৮০ শতাংশ অ্যাথলেট এসএ গেমসে থাকবেন। কিন্তু সেই প্রস্তুতির জন্য আটজন কোচের পাশাপাশি সাতজন অফিসিয়াল ও পাঁচজন পর্যবেক্ষক কেন প্রয়োজন, তার ব্যাখ্যা নেই। তরুণ অ্যাথলেটদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই সুযোগকে কেন্দ্র করে কর্মকর্তাদের বহর বড় করার প্রবণতা কতটা যুক্তিসংগত, সেটাই এখন বড় প্রশ্ন।

অ্যাথলেট: দেলোয়ার হোসেন সাঈদী, জুবাইল ইসলাম, শান্ত কর্মকার, হাফিজুর রহমান, আবু নাঈম মিয়া, চয়ন কুমার বিশ্বাস, রিফাত শেখ, সিয়াম ইসলাম, মিনহাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, জামিল আহমেদ, মনিরুল মোল্লা, তামিম হোসেন, আলী আকবর, সৈয়দ মুশফিক হোসেন, ফরহাদ হাসান টিটুন, মোশাররফ হোসেন, সামি ইসলাম সানি, মুন্সী ইমরান উল্লাহ তানভীর, হাসিব খান, সুমাইয়া দেওয়ান, রেখা আক্তার, নুসরাত জাহান রানা, উম্মে সুলতানা পপি, সাবিনা আক্তার রুবি, তাসমিয়া হোসেন, সুমাইয়া আক্তার, লাবায়া খাতুন, সুমাইয়া জামান, প্রিয়া আক্তার, রিংকি বিশ্বাস, স্বপ্না খাতুন, পূর্ণা চাকমা, মুন্নী কর্মকার, জাকিয়া সুলতানা ও মিনু খাতুন।

কোচ: মাহবুবা বেলি, আজহারুল ইসলাম, ইমরান ভূঁইয়া, মোহাম্মদ মেহেদী হাসান, ওয়াহাব খান, ফৌজিয়া হুদা, আল আমিন ও হাফিজুর রহমান।

অফিসিয়াল: এ.কে.এম. আলী ইমাম তপন, তৌফিকা রশিদ, মাহবুবুল আলম, শর্মিষ্ঠা রায়, নাসিরুল হক, মো. তালহা ও মেহেদী হাসান।

পর্যবেক্ষক: আমিরুল ইসলাম, মো. সামসুদৌলা ভূইয়া, আফজাল হোসেন, মোহাম্মদ হান্নান, মাসুদুর রহমান