চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। আমরা কেবল রাজনীতির জন্য রাজনীতি করি না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। বাগমনিরাম ওয়ার্ডের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে শহীদুল ইসলাম চৌধুরীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সামর্থ্যবানদের উচিত পবিত্র এই মাসে দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। মঙ্গলবার বিকালে নগরীর কাজির দেউরীস্থ কে জি এন কনভেনশন সেন্টারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগর বিএনপি’র সাবেক শিল্প সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহাদাত হোসেন বলেন, ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ থেকে সমাজের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি দুস্থ পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে কয়েকশ’ অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেন চসিক মেয়র। কাজির দেউরী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা হাজী আবু ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শফিক আহমেদ, নকিব উদ্দিন ভূঁইয়া, রফিক সর্দার, খোরশেদুর রহমান, মহানগর যুবদল নেতা মো. ইদ্রিস সবুজ, আনোয়ার হোসেন আনু, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর, আবুল হোসেন প্রমুখ।
জনগণের সেবাই বিএনপি’র মূল লক্ষ্য: চসিক মেয়র
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
