মুরাদনগরে সাবেক এমপি’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুরাদনগরে সাবেক এমপি’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফন্ট সাইজ:

শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করার জন্য ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ইনকনট্রেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। কোম্পানিটির শেয়ারহোল্ডার আমিরুল হকের পক্ষে মুশফিক আল মাসিন মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০০৬ সালে বাদী ও তার স্ত্রী কোম্পানির মোট ২ হাজার ৩০০ শেয়ারের বিপরীতে ৫০০ শেয়ারের মালিকানা অর্জন করেন। কিন্তু পরে ২০০৭ ও ২০০৯ সালে কোম্পানির শেয়ার বৃদ্ধি করা হলেও বাদী ও তার স্ত্রীকে সে বিষয়ে অবহিত করা হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে উল্লেখ করা হয়। কোম্পানির বোর্ড মিটিংয়ের নোটিশ না দিয়েই জাল রেজুলেশন দেখিয়ে বিপুল পরিমাণ শেয়ার বৃদ্ধি করা হয় এবং সেই শেয়ার এককভাবে নিজের নামে বরাদ্দ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। তদন্তে আরও জানা যায়, দুই ধাপে কোম্পানির শেয়ার মূলধন বাড়ানো হয়, প্রথমে ৩ লাখ ৭০ হাজার ৯৬৭টি এবং পরে ৬ লাখ ২৭ হাজার ৫৩৩টি শেয়ার যোগ করা হয়। এর মাধ্যমে হারুন প্রায় ৯ লাখ ৯৮ হাজার ৫০০ শেয়ার নিয়ন্ত্রণ লাভ করেন, যার বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৮ লাখ টাকা। পিবিআই তাদের প্রতিবেদনে অপরাধ সংঘটনের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করেছে। একইসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন সরকার ও এই অনিয়মে জড়িত থাকার তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পরই বিচারক হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। কুমিল্লা-৩, সাবেক সংসদ সদস্য হারুন ব্যবসা ও রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক কাউন্সিলর ছিলেন এবং ১৯৯৮ ও ২০০৩ সালে এফবিসিসিআই’র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন